| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বার্নে নতুন দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম ও হাওর সংরক্ষণ অধ্যাদেশ অনুমোদন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ১২:০৬:৩২:অপরাহ্ন  |  ১৭১৫৪৪৬ বার পঠিত
উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম ও হাওর সংরক্ষণ অধ্যাদেশ অনুমোদন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

১. গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অনুমোদন:

উপদেষ্টা পরিষদ গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি কমপক্ষে ৫ বছর ধরে গুম থাকে এবং জীবিত ফিরে না আসে, ট্রাইবুনাল তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘ডিসাপিয়ার্ড’ বা ‘গুম’ ঘোষণা করতে পারবে। গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইবুনালের জন্য সরকার মানবাধিকার কমিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। ভুক্তভোগী বা অভিযোগকারী নিজ উদ্যোগে আইনজীবী নিয়োগ করতে পারবেন। এছাড়া গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা পরিবারের নির্ভরশীল সদস্য কমিশনের অনুমতি ব্যতীত তার সম্পত্তি ব্যবহার করতে পারবে।

২. হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ ২০২৫ অনুমোদন:

উপদেষ্টা পরিষদ বাংলাদেশের হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে। অধ্যাদেশের মাধ্যমে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের দায়িত্ব, কর্তৃত্ব ও অধিক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। হাওর ও জলাভূমির জীববৈচিত্র্য, পরিবেশ ও বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য সুরক্ষা বিধান, সংরক্ষিত এলাকা ঘোষণা ও নিষিদ্ধ কার্যক্রমের শাস্তি বিধান অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অধিদপ্তরের মতামত নেওয়া বাধ্যতামূলক এবং স্থানীয় অংশীজন ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় নিশ্চিত করার জন্য নির্দেশিকা প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে।

৩. সুইজারল্যান্ডের বার্নে নতুন দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত:

উপদেষ্টা পরিষদ সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশের পার্মানেন্ট মিশন জেনেভাতে থাকলেও বার্নে দূতাবাস না থাকায় জাতিসংঘ ও দূতাবাস সংক্রান্ত কাজগুলো জেনেভা থেকে পরিচালনা করা হতো। বার্নে দূতাবাস স্থাপন হলে একজন রাষ্ট্রদূত, ফার্স্ট সেক্রেটারি ও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু হবে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮২টি মিশন অফিস রয়েছে।

এছাড়া, বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ রাখছেন। বাংলাদেশ থেকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিঙ্গাপুরে পৌঁছে সরাসরি চিকিৎসার তদারকি করছেন।

উপদেষ্টা পরিষদ এবছর মহান বিজয় দিবস সুন্দর ও সুচারুভাবে উদযাপনের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪