এন্টারটেইনমেন্ট ডেস্ক: ঢালিউডের নব্বই দশকের ব্যবসাসফল সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ আজ (সোমবার) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব এ তথ্য নিশ্চিত করেছেন।
সুকুমার রঞ্জন ঘোষ আনন্দমেলা সিনেমা লিমিটেডের ব্যানারে ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘লড়াই’, ‘অমর সঙ্গী’ ও ‘বিয়ের ফুল’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমার প্রযোজক ছিলেন। তিনি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্রশিল্পে তাঁর অবদান স্মরণীয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সুকুমার রঞ্জন ঘোষ মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ প্রায় ১৮ বছর পারকিনসন রোগে ভুগছিলেন এবং সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।
পরিবারে স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকালে ঢাকার বড়দেশ্বরী কালীমন্দিরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। চলচ্চিত্র প্রযোজক–পরিবেশক সমিতি তাঁর মৃত্যুতে দেশের চলচ্চিত্রশিল্পে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে।