রিপোর্টার্স২৪ ডেস্ক: শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি জানিয়ে সারাদেশে বিক্ষোভ ও দোয়া-মোনাজাতের কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর এই কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র জানান, দেশজুড়ে এই বিক্ষোভ ও দোয়া-মোনাজাত শহীদ হাদির হত্যার ন্যায্য বিচার দাবিতে আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে তার রুহের মাগফেরাত কামনা করা হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চ ও শহীদ হাদির অফিসিয়াল ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
পোস্টে বলা হয়েছে, ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের অগ্রসেনানী এবং ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরিফ ওসমান হাদির হত্যার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হবে।
এর আগে, ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পর গণসংযোগ শেষে রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলেও, ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজকের কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চের নেতারা জনগণকে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম