স্টাফ রিপোর্টার: ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা কর্তৃপক্ষের নির্দেশনায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে জরুরি বিভাগের মাধ্যমে হাসপাতালে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর সার্জারি বিভাগের ওয়ার্ডে ভর্তি করা হয়।
কারারক্ষী তোফায়েল আহমেদ জানিয়েছেন, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক প্রতিমন্ত্রী। তার বাম পায়ের আঙুলে পচন ধরায় তাকে বিশেষ চিকিৎসার প্রয়োজন হয়েছিল। এ কারণে সার্জারি বিভাগের ২২০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সাবেক প্রতিমন্ত্রীকে কারারক্ষীরা হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করে সার্জারি বিভাগের ওয়ার্ডে স্থানান্তর করেন। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় থাকলেও হাসপাতালে চিকিৎসার প্রয়োজন রয়েছে।
কারা সূত্র জানিয়েছে, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের শারীরিক অবস্থার কারণে তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে আরও বিশেষজ্ঞ চিকিৎসক ডাকা হতে পারে। হাসপাতাল ও কারা কর্তৃপক্ষ মিলিতভাবে তার চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন।
উল্লেখ্য, কারাগারে অসুস্থ ব্যক্তিদের জরুরি চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়মিত ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। সাবেক প্রতিমন্ত্রীর চিকিৎসা চলাকালীন কারা ও হাসপাতাল কর্তৃপক্ষ পরস্পরের সঙ্গে সমন্বয় রাখছেন যাতে প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত পাওয়া যায় এবং স্বাস্থ্য ঝুঁকি কমানো যায়।