| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীর্ঘ বিরতির পর সাংস্কৃতিক পরিসরে ফিরল ছায়ানট

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ১৭:০৬:৫৭:অপরাহ্ন  |  29372 বার পঠিত
দীর্ঘ বিরতির পর সাংস্কৃতিক পরিসরে ফিরল ছায়ানট

বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরেছে দেশের প্রাচীন সংগঠন ছায়ানট। শুক্রবার (৯ জানুয়ারি) থেকে রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শুদ্ধসংগীত উৎসব’, যা উৎসর্গ করা হয়েছে কালজয়ী সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁকে।

উদ্বোধনী দিনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে প্রথম অধিবেশন। পরের দিন, শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশন এবং দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে।

ছায়ানটের সভাপতি সারওয়ার আলী উদ্বোধনী ভাষণে বলেন, “দেশের সাংস্কৃতিক পরিবেশ নির্বিঘ্ন রাখাই আমাদের মূল লক্ষ্য। একটি নিরাপদ স্বদেশ ভূমি ও জনপদ গড়ে তুলতে হবে, যেখানে কোনো বাধা ছাড়াই সংস্কৃতির চর্চা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গত বছর ছায়ানট ভবনে কিছু দুর্বৃত্ত হামলা চালায়। যদিও সচেতন মহলের দাবি, হামলার পেছনে হাদির সমর্থকদের কোনো অংশগ্রহণ ছিল না; বরং পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু বিশৃঙ্খলাকারী এই ঘটনা ঘটিয়েছিল।

হামলার পর নিরাপত্তার স্বার্থে ছায়ানটের সব পাঠদান ও কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গত ১ জানুয়ারি থেকে দাপ্তরিক কাজ এবং ৩ জানুয়ারি থেকে নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হয়। এবার এই শুদ্ধসংগীত উৎসবের মাধ্যমে ছায়ানট বড় আয়োজনে ফিরল, যা সংগঠনের জন্য একটি নতুন শুরু হিসেবে ধরা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪