| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে জরুরি বৈঠক আইসিসির

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ২০:০৪:৪১:অপরাহ্ন  |  29005 বার পঠিত
বাংলাদেশ ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে জরুরি বৈঠক আইসিসির
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে অনাগ্রহ প্রকাশ করায় নতুন করে জটিলতায় পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তা শঙ্কা ও ‘জাতীয় মর্যাদা’র প্রশ্নে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পরিস্থিতি সামাল দিতে আগামীকাল রোববার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

মূলত এই টানাপোড়েনের সূত্রপাত আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজকে ছেড়ে দেয় বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে আপত্তি জানায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে বৃহস্পতিবার আইসিসিকে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে একটি ই–মেইল পাঠায় বিসিবি।

পরবর্তীতে পাঠানো দ্বিতীয় চিঠিতে বিসিবি স্পষ্ট জানিয়ে দেয়, বিষয়টি আর কেবল লজিস্টিক বা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নেই এটি এখন ‘জাতীয় মর্যাদা’র প্রশ্ন। বিসিবির দাবি, ভারতে খেলতে হলে দলের প্রতিটি সদস্যের জন্য ব্যক্তিগত পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাসহ সবাইকে পূর্ণাঙ্গ নিরাপত্তা বলয়ের মধ্যে রাখতে হবে।

এই পরিস্থিতি আইসিসির চেয়ারম্যান হিসেবে জয় শাহর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রোববার বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি টুর্নামেন্টের বর্তমান নিরাপত্তা পরিকল্পনা খুঁটিয়ে দেখবেন। একই সঙ্গে বিসিবি কেন এই নিরাপত্তা ব্যবস্থায় আশ্বস্ত হতে পারছে না, তা বিশ্লেষণ করা হবে। এছাড়া আইসিসির পক্ষ থেকে আগে দেওয়া আশ্বাসে কেন বাংলাদেশের মনোভাব বদলায়নি, সেটিও আলোচনায় আসবে।

তবে শুধু কাগজে-কলমে নিরাপত্তা পরিকল্পনা সাজালেই সমস্যার সমাধান হবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ইতোমধ্যেই বর্তমান নিরাপত্তা ব্যবস্থার প্রকাশ্য বিরোধিতা করেছেন এবং বিষয়টিকে জাতীয় সম্মানের সঙ্গে যুক্ত করেছেন।

আইসিসির জন্য বাংলাদেশকে বাদ দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন কার্যত অসম্ভব। এতে আইনি ও রাজনৈতিক জটিলতার পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সমীকরণেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। ভারতীয় হলেও আইসিসির চেয়ারম্যান হিসেবে জয় শাহ কীভাবে এই সংবেদনশীল ও উত্তপ্ত পরিস্থিতির সমাধান করেন, সেটাই এখন আন্তর্জাতিক ক্রিকেট মহলের নজরে।

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক মাস। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষেও ম্যাচ রয়েছে কলকাতায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইয়ে। শুরু থেকেই ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আসছে বিসিবি। আইসিসি আগেও বাংলাদেশের উদ্বেগের বিষয়ে কাজ করার আশ্বাস দিলেও এখনো চূড়ান্ত কোনো সমাধান আসেনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪