রিপোটার্স ২৪ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের চীন-সংক্রান্ত মন্তব্য প্রত্যাখ্যান করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। বৃহস্পতিবার এক বিবৃতিতে দূতাবাসের মুখপাত্র এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এ ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন। এতে সঠিক ও ভুলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়, মার্কিন রাষ্ট্রদূত সম্প্রতি দাবি করেন যে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পৃক্ততার ঝুঁকি সম্পর্কে বাংলাদেশকে অবহিত করবে।
এর জবাবে চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর গত ৫০ বছরে চীন ও বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সহযোগিতা করে আসছে। উভয় দেশ সবসময় একে অপরকে সমর্থন করেছে এবং পারস্পরিক লাভজনক অংশীদারত্ব গড়ে তুলেছে।
বিবৃতিতে আরও বলা হয়, চীন-বাংলাদেশ সহযোগিতা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে এবং ব্যাপক জনসমর্থন অর্জন করেছে। এই সহযোগিতা শুধু দ্বিপক্ষীয় নয়, বরং আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখছে।
চীনা দূতাবাস স্পষ্ট করে জানায়, চীন ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা সম্পূর্ণভাবে দুই দেশের অভ্যন্তরীণ বিষয় এবং এতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। মার্কিন পক্ষকে দায়িত্বশীল আচরণ করার পাশাপাশি বাংলাদেশের স্থিতিশীলতা ও এ অঞ্চলের উন্নয়ন ও সহযোগিতায় সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
রিপোটার্স ২৪/এসসি