| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন ঘিরে ঢাকাসহ তিন জেলায় মাঠে নামছে ৩৮ প্লাটুন বিজিবি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ০৯:১৭:১৪:পূর্বাহ্ন  |  ১৫০০৪৭৬ বার পঠিত
নির্বাচন ঘিরে ঢাকাসহ তিন জেলায় মাঠে নামছে ৩৮ প্লাটুন বিজিবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের পরিবেশ নিরাপদ, অবাধ ও নিরপেক্ষ রাখতে ঢাকাসহ তিন জেলায় সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে বিজিবির ৫ ব্যাটালিয়নের মোট ৩৮ প্লাটুন সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান।

তিনি জানান, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ধাপে ধাপে নিরাপত্তা মোতায়েন করা হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুইটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুর জেলার চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জ জেলার তিনটি আসনে ৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচনকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও স্পর্শকাতর এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হবে।

লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান আরও জানান, যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং প্রয়োজনে ব্যবহারের জন্য হেলিকপ্টার।

এবার নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সদস্যরা ব্যবহার করবেন বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, এপিসি এবং আধুনিক সিগন্যালিং সরঞ্জাম। পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবার ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। প্রিজাইডিং অফিসার প্রয়োজন মনে করলে কিংবা সহিংসতা বা জাল ভোটের আশঙ্কা দেখা দিলে বিজিবি তাৎক্ষণিকভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪