| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো–২০২৬ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ০৯:৫৫:৪৬:পূর্বাহ্ন  |  ১৫০০৩৯৬ বার পঠিত
ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো–২০২৬ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আজ ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন। প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

এই চারদিনের এক্সপোর মূল লক্ষ্য প্রযুক্তি খাতে উদ্ভাবন, সক্ষমতা বৃদ্ধি, সাফল্য তুলে ধরা এবং বিনিয়োগ আকৃষ্ট করা। প্রদর্শনীতে উদ্ভাবনী পণ্য, ডিজিটাল ডিভাইস, মোবাইল ও ই-স্পোর্টসসহ নানা প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি পণ্যে বিশেষ ছাড় ও অফার থাকবে।

এক্সপোতে ডিজিটাল রূপান্তর, বৈশ্বিক বিনিয়োগ, স্টার্টআপ ইকোসিস্টেম, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ডিভাইস, ইনোভেশন ইকোসিস্টেমে ব্যবধান কমানো, ডিপ-টেক ভ্যালু চেইন, উৎপাদন ও রপ্তানি ভিশন এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল রূপান্তর বিষয়ক পাঁচটি সেমিনার ও চারটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

অনলাইনে বা সরাসরি নিবন্ধনের মাধ্যমে সব নাগরিক এক্সপোতে প্রবেশ করতে পারবেন। পুরো ভেন্যুতে স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করা হয়েছে।

প্রদর্শনীর আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

অনুষ্ঠানের শুরুতে ‘ক্রিয়েট হিয়ার, কানেক্ট এভরিহোয়ার’ শিরোনামে ভবিষ্যৎ ডিজিটাল উদ্ভাবন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪