চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশে টেকসই উন্নয়ন ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার জন্য তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, দেশ সম্ভাবনাময়। আমাদের সবাইকে দায়িত্বশীলভাবে এগিয়ে আসতে হবে। তরুণরা এগিয়ে এলে দেশও এগিয়ে যাবে।
বুধবার (২৮ জানুয়ারি) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় এ কে এগ্রো অ্যান্ড ডেইরি হাব মাঠে অনুষ্ঠিত ‘চট্টগ্রাম অঞ্চলের ডেইরি খাতের উন্নয়ন সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ডেইরি খাত দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততা থাকলে এই খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। তিনি বলেন, দেশীয় উৎপাদন ও উদ্যোক্তানির্ভর খাতকে আরও শক্তিশালী করতে হবে। খোলা বাজারের মাধ্যমে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অপরিহার্য। দেশের স্বার্থ রক্ষায় এটি একান্ত জরুরি।
তিনি আরও বলেন, চট্টগ্রামের আন্দোলন ও সংগ্রামের ঐতিহ্য আমাদের নতুন প্রজন্মের জন্য দিকনির্দেশনা। সেই ঐতিহ্যকে ধারণ করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশের কল্যাণে নেতৃত্ব দিতে পারে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃত্রিম প্রজনন পরিচালক মো. শাহজামান খান তুহিন, সম্প্রসারণ পরিচালক ডা. বেগম শামছুননাহার আহম্মদ, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মিজ শাহীনা ফেরদৌসী এবং চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. মো. আতিয়ার রহমান।
এ ছাড়াও সেমিনারে অংশগ্রহণ করেন এ কে এগ্রো অ্যান্ড ফার্মের পরিচালক ও বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফার্মস ফ্যাটেনিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেইন, ডিপিডি ডা. হারুন অর রশিদ, পাঁচ শতাধিক খামারি উদ্যোক্তা, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সেমিনার শেষে প্রধান অতিথি ফরিদা আখতার আনুষ্ঠানিকভাবে এ কে এগ্রো অ্যান্ড ফার্মের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানকালে বক্তারা অভিব্যক্তি দেন, যে উদ্যোগগুলো দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি করবে, তা দেশের অর্থনীতি ও সমাজের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।
ফরিদা আখতার সামগ্রিকভাবে তরুণদের উদ্দেশ্যে বলেন, উদ্যোক্তারা যখন এগিয়ে আসবেন, তারা শুধু নিজেদের জন্য নয়, পুরো জাতির জন্য নতুন সম্ভাবনার দরজা খুলবেন। এ খাতের সম্প্রসারণ, প্রযুক্তি ব্যবহার এবং সুষ্ঠু সমন্বয় দেশের জন্য একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল অর্থনীতি গঠনে সহায়ক হবে।