জবি প্রতিনিধি: শেরপুর-৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠের মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পুরান ঢাকার তাঁতিবাজার ঘুরে বিশ্বজিৎ চত্বরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘তারেকের অনেক গুণ, হারার ভয়ে মানুষ খুন’, ‘নির্বাচনের প্রথম খুন, হারার ভয়ে মানুষ খুন’, ‘তারেক তুই জবাব দে, আমার ভাই মরলো কেন’, ‘বিএনপির অনেক গুণ, হারার ভয়ে মানুষ খুন’সহ বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোতে শেরপুরের ঘটনার জন্য দায়ীদের বিচার এবং নির্বাচনি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
সংক্ষিপ্ত সমাবেশে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাহিন মিয়া বলেন, আমরা দেখছি দেশে নতুন করে সন্ত্রাসী রাজনীতির উত্থান ঘটছে। এদের রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের রাজনীতি না করলে তারা প্রত্যাখ্যাত হবে।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শেখ ফেরদৌস বলেন, এখনও সময় আছে জনগণের পালস বুঝে রাজনীতি করার। না হলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে। প্রশাসনের কাছে দাবি—এই হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগ আহমেদ বলেন, শেরপুরে জামায়াত নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নারীদের ওপরও হামলার ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন কার্যকর ভূমিকা না রাখায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। যারা নিজেদের তৃণমূল সামলাতে পারে না, তারা দেশ কীভাবে চালাবে?
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) শিক্ষা ও গবেষণা সম্পাদক এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, ভিন্নমতের কারণে একজন মানুষকে হত্যা করা হয়েছে। আমরা ভেবেছিলাম আসন্ন নির্বাচন রক্তপাতহীন হবে, কিন্তু রক্তের রাজনীতি আবার ফিরে এসেছে। এ দেশের ছাত্রসমাজ এই সহিংস রাজনীতি মেনে নেবে না।
বক্তারা অবিলম্বে মাওলানা রেজাউল করিম হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নির্বাচনে সহিংসতা বন্ধে প্রশাসন ও নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/বাবি