সিনিয়র রিপোর্টার: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে। এর মাধ্যমে দীর্ঘদিন পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপিত হলো।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় ঢাকা থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৪১ করাচির উদ্দেশে যাত্রা করে। উদ্বোধনী এই ফ্লাইটে ১৫০ জন যাত্রী ছিলেন।
এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমান। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিমান, সিভিল এভিয়েশন ও অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানের প্রথম ফ্লাইটটি করাচিতে পৌঁছানোর কথা রয়েছে স্থানীয় সময় রাত ১১টায়। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
শীতকালীন সূচি অনুযায়ী ২৯ জানুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে রাত ৮টায় ফ্লাইটটি করাচির উদ্দেশে ছেড়ে যাবে এবং করাচি থেকে রাত ১২টা ১ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা বিনিময় ও সাংস্কৃতিক যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি