স্টাফ রিপোর্টার: অমর একুশে বইমেলার ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতীকী বইমেলা অনুষ্ঠিত হবে। মেলা আয়োজন করছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ, বাংলা একাডেমির অনুমোদন নিয়ে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে সংবাদ সম্মেলনে আয়োজকরা এ ঘোষণা দেন। লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকাশক, লেখক, কবি ও সাংস্কৃতিক কর্মীরা।
সংগঠনের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বাংলা একাডেমি ও সরকার ১ ফেব্রুয়ারির পরিবর্তে বইমেলার তারিখ ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ নির্ধারণ করায় লেখক, প্রকাশক ও সংস্কৃতিকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাই মহান ভাষা আন্দোলন ও একাত্তরের চেতনার প্রতি শ্রদ্ধা রেখে প্রতীকী বইমেলার আয়োজন করা হয়েছে।
প্রতীকী মেলা সকাল ১০টায় শুরু হবে। মেলার উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। মেলায় অংশগ্রহণ করবেন ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান, পাশাপাশি লেখক, কবি, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক কর্মীরা। মেলার মঞ্চে সারা দিন চলবে আলোচনা, আবৃত্তি, সংগীত, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংগ্রাম পরিষদের আয়োজকরা জানিয়েছেন, এই মেলার সঙ্গে বাংলা একাডেমির কোনো বিরোধিতা নেই। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মূল বইমেলাতেও তারা অংশ নেবেন।