| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাকা আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ২৩:৪৮:১৭:অপরাহ্ন  |  ৬৬৮৭৩ বার পঠিত
টাকা আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবির ক্যাপশন: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: প্রতারণার মাধ্যমে ১৩ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দাখিল করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক ও পরিচিত মাসুদ রানা।

মামলার বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানান, প্রেমের সম্পর্ক গড়ে তুলে অর্থ নেওয়ার অভিযোগে আনাননিয়া শবনম রোজ গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে অভিযোগের সত্যতা পায়।

তিনি বলেন, পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান গত ৭ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। সোমবার মামলার দিন ধার্য থাকায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, নোবেল প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা প্রতারণার মাধ্যমে গ্রহণ করে আত্মসাৎ করেন। অপর আসামিরা এ কাজে তাকে সহযোগিতা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এর আগে ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানায় দায়ের করা ধর্ষণ ও মারধরের মামলায় নোবেল গ্রেপ্তার হন। পরে মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর ২৪ জুন জামিনে মুক্তি পান তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের জি-বাংলা টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে তৃতীয় হয়ে পরিচিতি পান নোবেল। এরপর নানা কর্মকাণ্ড ও বিতর্কে তিনি নিয়মিত আলোচনায় থাকেন।

এ বিষয়ে বক্তব্য জানতে নোবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার এক সহকারী ফোন রিসিভ করে অভিযোগটিকে ‘গুজব’ বলে দাবি করেন। পরে পুনরায় যোগাযোগ করা হলে তিনি জানান, নোবেল রিহার্সেলে ব্যস্ত রয়েছেন এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কথা বলা সম্ভব নয়। পরিচয় জানতে চাইলে তিনি নাম প্রকাশ না করে ফোন কেটে দেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪