| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী কর্মীদের ওপর হামলার অভিযোগে জামায়াতবিরোধী বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ০৮:০১:০৫:পূর্বাহ্ন  |  ৫২৩৮৪ বার পঠিত
নারী কর্মীদের ওপর হামলার অভিযোগে জামায়াতবিরোধী বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: খুলনা ও ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের ওপর জামায়াতে ইসলামীর কর্মীরা হামলা চালিয়েছেন—এমন অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে নেতারা অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের নারী কর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী দফতর সম্পাদক বরকত উল্লাহ লতিফ বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলনা-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আবু সাইদের পক্ষে প্রচার চালানোর সময় দাকোপ উপজেলার লক্ষ্মীখোলা গ্রামে নারী কর্মীদের ওপর হামলা হয়। স্থানীয় জামায়াত নেতা হরমুজ শেখ, ইলিয়াস ও আমানুল্লাহর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি দাবি করেন, মহিলা ইউনিটের প্রধান রোজিনা বেগমসহ অন্তত ১১ থেকে ১২ জন নারী কর্মীকে ঘরে আটকে রেখে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান তিনি।

বরকত উল্লাহ লতিফ আরও বলেন, গত ২৮ জানুয়ারি ভোলা-৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর মেয়ে মারিয়া কামালের ওপরও জামায়াত নেতাদের নেতৃত্বে হামলা চালানো হয়। সে সময় প্রতিবাদ জানানো হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে তিনি মন্তব্য করেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি শওকত ওসমান বলেন, হাতপাখার গণজোয়ারে ভীত হয়ে জামায়াতের কিছু উগ্র কর্মী নারীদের ওপর হামলা চালাচ্ছে, যা নিন্দনীয় ও লজ্জাজনক। তিনি জামায়াত নেতৃত্বকে তাদের কর্মীদের নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান।

ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেসার উদ্দিন হুজাইফের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪