স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান বাংলাদেশের বাস্তব চিত্র দেখলে তার শহীদ মুক্তিযোদ্ধা ভাই হয়তো সেদিন মুক্তিযুদ্ধে অংশ নিতেন না। তিনি বলেন, আমি নিজেও একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। যাঁরা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছেন, তাদের স্বপ্ন ছিল ন্যায় ও সাম্যের বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, মুক্তিযোদ্ধারা ও তাদের পরিবার রাষ্ট্র, রাজনীতি ও নেতৃত্বের কাছ থেকে যে সম্মান পাওয়ার কথা ছিল, তা তারা পাননি। অর্থনৈতিক মুক্তি, সুশিক্ষা ও নিরাপদ জীবনের যে স্বপ্ন তারা দেখেছিলেন, তার বাস্তবায়ন হয়নি। তিনি প্রশ্ন তুলে বলেন, এই ব্যর্থতার জন্য সাধারণ জনগণ দায়ী নয়। দায় দায়িত্ব ছিল যারা বারবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, তাদের।
তিনি বলেন, যারা ক্ষমতায় ছিলেন, ভালো কিছু করলে তার কৃতিত্ব যেমন তাদের, তেমনি অপকর্মের দায়ও তাদেরই নিতে হবে। যে দেশের মানুষের শ্রমে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি বদলে যায়, সে দেশের মানুষের ভাগ্য কেন বদলায় না—এর মূল কারণ অসৎ নেতৃত্ব, বলেন জামায়াত আমির।
স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি উল্লেখ করে তিনি বলেন, ভিয়েতনাম বাংলাদেশের বহু পরে স্বাধীনতা পেলেও আজ উন্নয়নের রোল মডেল। অথচ বাংলাদেশে এখনো সন্ত্রাস, চাঁদাবাজি, মামলাবাজি ও দুর্নীতিতে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। মায়েরা ঘরে ও বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে জেলা জামায়াতের আমির মাওলানা কাজী মুখলিছুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ও হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী কাজী মহসিন আহমদের সঞ্চালনায় ডা. শফিকুর রহমান জেলার চারটি আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
সভায় আরও বক্তব্য দেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় আমির ও হবিগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব ও হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী ড. আহমদ আব্দুল কাদের বাচ্চু, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, জাগপা ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/এসসি