| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘দুজন দুজনার’ গানে নব্বইয়ের আমেজে উচ্ছ্বসিত হিমি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ২১:৪৮:১৪:অপরাহ্ন  |  ১৩২৪৮০৯ বার পঠিত
‘দুজন দুজনার’ গানে নব্বইয়ের আমেজে উচ্ছ্বসিত হিমি

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ছোটপর্দায় অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমহলে পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি এবার গান নিয়ে নতুন করে আলোচনায়। ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে তার মৌলিক গান ‘দুজন দুজনার’। নব্বই দশকের চলচ্চিত্রের গানের আবহে নির্মিত এ গানটি ইতোমধ্যে শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হিমি বলেন, সমসাময়িক বিট ও আধুনিক মিউজিক অ্যারেঞ্জমেন্টের বাইরে গিয়ে সচেতনভাবেই গানে রাখা হয়েছে কিছুটা পুরোনো দিনের আবেগঘন সুর ও মেলোডি। তার ভাষায়, “অনেকেই গানটি শুনে নব্বই দশকের সেই বিশেষ ফ্লেভারের কথা মনে করছেন। এটা শুনে খুব ভালো লাগছে।”

বর্তমান সময়ের দ্রুতগতির সাউন্ড ও ডিজিটাল নির্ভর আয়োজনের ভিড়ে ‘দুজন দুজনার’ গানটিতে মেলোডি ও কথার ওপর জোর দেওয়া হয়েছে। প্রেমের আবেগ, অপেক্ষা ও পারস্পরিক বন্ধনের অনুভূতিকে গুরুত্ব দিয়ে তৈরি এই গানটি ভালোবাসা দিবসের আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকাশ করা হয়।

তবে অভিনয়ের বাইরে গান গাওয়া নিয়ে নিজের ভেতরে এক ধরনের সংশয় কাজ করে বলে জানান হিমি। তিনি বলেন, আমি তো গানের মানুষ না। গান গাইতে সব সময় ভয়ে থাকি—মানুষ ট্রল না করে দেয় কিংবা যদি পছন্দ না করে! এই গান শ্রোতারা পছন্দ করেছেন, এটা আমার জন্য বড় পাওয়া।

শ্রোতাদের ইতিবাচক প্রতিক্রিয়া তাকে আত্মবিশ্বাসী করেছে বলেও জানান তিনি। শুধু দর্শকপ্রিয়তাই নয়, ব্যক্তিগতভাবেও গানের সামগ্রিক আয়োজন—সুর, কথা ও উপস্থাপনা—নিয়ে সন্তুষ্ট হিমি।

গানের ক্যারিয়ার প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, এ মুহূর্তে সংগীতকে পেশা হিসেবে নেওয়ার কোনো বড় পরিকল্পনা নেই তার। মূলত অভিনয়েই নিয়মিত থাকতে চান তিনি। “গানের ক্ষেত্রে পেশাদার হওয়ার বিশেষ কোনো ইচ্ছা এখনো তৈরি হয়নি,” বলেন এই অভিনেত্রী।

এর আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে গান গেয়ে প্রশংসা কুড়ালেও ‘দুজন দুজনার’ গানটির মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন হিমি। অভিনয়ের পাশাপাশি সংগীতচর্চায় তার এই পদক্ষেপ ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে—ভবিষ্যতে তিনি আবারও নতুন কোনো গান নিয়ে হাজির হন কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪