| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লন্ডনে জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার বৈঠক !

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১৫:২৯:০১:অপরাহ্ন  |  ১২৬৫৩৩০ বার পঠিত
লন্ডনে জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার বৈঠক !
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির কমনওয়েলথের ২৬তম পররাষ্ট্রবিষয়ক মন্ত্রীদের সভায় যোগ দিতে পাঁচ দিনের সফরে লন্ডন যাচ্ছেন। আগামী ৮ মার্চ লন্ডনের ল্যানকেস্টার হাউজে অনুষ্ঠেয় বৈঠকে তারা অংশ নেবেন। এ উদ্দেশ্যে ৬ মার্চ তারা লন্ডনের উদ্দেশে রওনা হবেন।

একই বৈঠকে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের যোগ দেওয়ার কথা রয়েছে। কমনওয়েলথ বৈঠকের সাইডলাইনে তাদের সাক্ষাৎ হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ-ভারত সম্পর্কের দূরত্ব কমাতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আশা করা হচ্ছে, এ বৈঠকের পর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি বন্ধ থাকা ভিসা ইস্যুতেও ভারতের পক্ষ থেকে স্পষ্ট বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী শুক্রবার (৬ মার্চ) লন্ডনের উদ্দেশে রওনা হবেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা। তাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও দুইজন কর্মকর্তা থাকবেন। মূল বৈঠকের ফাঁকে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। আগামী ১০ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তার।

অপরদিকে দিল্লিতে তিন দিনব্যাপী রাইসিনা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। ৫ মার্চ শুরু হওয়া ভূরাজনীতি ও ভূঅর্থনীতি বিষয়ক ভারতের অন্যতম এ সম্মেলনে আমন্ত্রিত হলেও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সেখানে অংশ নিচ্ছেন না বলে কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রবিষয়ক মন্ত্রীদের সভা (সিএফএএমএম) আগামী রোববার (৮ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে। বিভিন্ন সেগমেন্টে বৈঠক বিকাল পর্যন্ত চলবে। এদিন সকালে সামোয়ার অর্থমন্ত্রী মুলিপোলা আনারোসা আলে মোলিও পররাষ্ট্রমন্ত্রীদের রিট্রিটে স্বাগত জানাবেন ও বক্তব্য রাখবেন। এরপর কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে বক্তব্য দেবেন।

দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক প্রেক্ষাপটে কমনওয়েলথের ভূমিকা নিয়ে সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একত্রিত করাই এ বৈঠকের লক্ষ্য। প্রথমবারের মতো এখানে পররাষ্ট্রমন্ত্রীরা একটি সাহসী ও বাস্তবভিত্তিক কমনওয়েলথ গঠনের কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন। সিএফএএমএম-এ কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এটি হবে মহাসচিব বোচওয়ের দ্বিতীয় বৈঠক।

এছাড়া বৈঠকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।

এসব কর্মসূচির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী কমনওয়েলথ দিবসের সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন। আগামী ৯ মার্চ লন্ডনের মার্লবোরো হাউজে এই সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কমনওয়েলথ সচিবালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা অংশ নেন। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, কূটনীতিক ও গণ্যমান্য ব্যক্তিরাও এতে উপস্থিত থাকেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪