রিপোর্টার্স২৪ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সামিয়া অথৈ-এর তোলা মারধরের অভিযোগের পর। অথৈ দাবি করেছেন, তিশা তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত ও অকথ্য ভাষায় আক্রমণ করেছেন। তবে তিশা এই অভিযোগকে “ভুল বোঝাবুঝি” এবং “অপেশাদার আচরণ” বলে ব্যাখ্যা করেছেন।
তিশা বলেন, আমি পুরোপুরি আমার চরিত্র ফুটিয়ে তুলছিলাম। আমি এমন একটি চরিত্রে আছি যেখানে একজন স্পেশাল চাইল্ড বা অটিস্টিক চরিত্রে অভিনয় করতে গিয়ে চরিত্রের প্রয়োজনে মারতে, কামড় দিতে এমনকি পানিতে চুবিয়েও ধরতে হতে পারে। কাজটি ১৫ থেকে ২০ দিন পর দেখতে পাবেন এবং তখন বুঝতে পারবেন কোন কাজ চরিত্রের জন্য করা হয়েছে।
তিনি আরও বলেন, অথৈ হয়তো লাইভ করেছেন এমনভাবে যে মনে হয়েছে আমি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছি। কিন্তু এটা ব্যক্তিগত আক্রমণ নয়। যা করেছি তা সম্পূর্ণ স্ক্রিপ্ট এবং চরিত্রের প্রয়োজনে করেছি। ইম্প্রোভাইজেশনের সময়ও সবকিছু চরিত্রের মধ্যে ছিল।
শুটিং সেটের পরিবেশের প্রসঙ্গ উল্লেখ করে তিশা জানান, সেখানে অভিনেতা সেলিম আহমেদ ও পরিচালক রিঙ্কুসহ পুরো টিম উপস্থিত ছিলেন এবং প্রত্যেকে দেখেছেন কাজটি কতটা পেশাদারিত্বের সঙ্গে করা হচ্ছিল। তিশা আক্ষেপ প্রকাশ করেছেন, অথৈ দৃশ্যটি শেষ না করেই শুটিং ত্যাগ করেছেন, যা কাজের ক্ষতি করেছে।
তিশা বলেন, আমি যে চরিত্রে অভিনয় করছি সেখানে সারাদিন গোবর, নদী, মাটি ও বালুর মধ্যে থাকতে হয়েছে এবং শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। একজন নারী শিল্পী হিসেবে অন্য শিল্পীর ওয়াশরুম বা পরিষ্কার সংক্রান্ত মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক। যা বলা হয়েছে তা ব্যক্তিগত আক্রমণ ছাড়া কিছু নয়।
রিপোর্টার্স২৪/ঝুম