রিপোর্টার্স২৪ ডেস্ক: সংগীতাঙ্গনের একসময়ের জনপ্রিয় দম্পতি রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী-র বিচ্ছেদ একসময় ভক্তদের অবাক করেছিল। দীর্ঘ সময় পর সেই ভাঙনের কারণ নিয়ে মুখ খুলেছেন রবি চৌধুরী।
সম্প্রতি এক পডকাস্টে ‘প্রেম দাও’ খ্যাত এই গায়ক দাবি করেন, ডলি সায়ন্তনীর ফোনে ‘দুলাভাই’ নামে সেভ করা একটি নম্বর থেকেই তার সন্দেহের সূত্রপাত। বিষয়টি নিয়ে সন্দেহ গভীর হলে ডলির পরিবারের সদস্যদের ডেকে নম্বরটি যাচাই করা হয়। তখন জানা যায়, ওই নামে তাদের কোনো আত্মীয় নেই।
রবির ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে ওই ব্যক্তির সঙ্গে ডলির ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ পান তিনি। এরপরই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
পডকাস্টে তিনি আরও জানান, কোরিয়ায় অবস্থানকালে ‘বিপ্লব’ নামের এক ব্যক্তির সঙ্গে তাদের পরিচয় হয়, যিনি সেখানে তাদের গাড়ি চালাতেন। পরবর্তীতে তার সঙ্গেই ডলি সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন রবি। সন্দেহের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ডলির বড় ভাই বাদশা বুলবুলকে ডেকে নম্বর যাচাই করা হয় বলেও উল্লেখ করেন তিনি।
রবি আরও দাবি করেন, বিষয়টি প্রকাশ্যে এলে ডলি ওই ব্যক্তিকে গণমাধ্যমে ‘ভাগিনা’ হিসেবে পরিচয় দেন। তবে বিচ্ছেদের কয়েক মাস পর ডলি ওই ব্যক্তির গ্রামের বাড়িতে যান বলেও তিনি অভিযোগ করেন। তার দাবি, এসব ঘটনাই তার সন্দেহকে সত্য প্রমাণ করেছে।
তবে এ বিষয়ে ডলি সায়ন্তনীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/আরকে