| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে ড. ইউনূসের বৈঠক অনিশ্চিত

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৫ ইং | ১১:০১:৫৫:পূর্বাহ্ন  |  ২২২১৩৩৯ বার পঠিত
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে ড. ইউনূসের বৈঠক অনিশ্চিত
ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারফাইল ছবি: সংগৃহিত

রিপোর্টার্স ২৪ ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে লন্ডন সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠকের কোনো সূচি এখনো ঠিক হয়নি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই মুহূর্তে কানাডা সফরে রয়েছেন।

১৪ জুন পর্যন্ত অধ্যাপক ইউনূসের লন্ডনে অবস্থানকালে কিয়ার স্টারমার যুক্তরাজ্যে ফিরে এলে এবং তাঁর শিডিউল (সূচি) পাওয়া গেলে বৈঠক হতে পারে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

মঙ্গলবার ( ১০ জুন)  স্থানীয় সময় বিকেল সোয়া চারটায় লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ (১০ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল সাতটায় হিথরো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন তিনি।

প্রেস সচিব শফিকুল বলেন, ডরচেস্টার হোটেলে দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়র্শ এবং দুপুর সাড়ে ১২টায় স্কটল্যান্ডভিত্তিক মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলির পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়।

এরপর বেলা দুইটায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক, আপসানা বেগমসহ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বিকেল সাড়ে পাঁচটায় কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪