রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে আবারও মাঠে নেমেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বুধবার (১১ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হওয়া ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এই ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে মিরপুরে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। টসের পরপরই তিনি বিসিবি প্রাঙ্গণে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যান্য পরিচালকও উপস্থিত ছিলেন।
জাইমা রহমান বিসিবির প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করছেন। এদিকে ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামে উপস্থিত হন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি সুজন।
এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে নামে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান ২ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম