| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় বাবুর্চি নিহত, গুরুতর আহত ১

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৬ ইং | ২০:১৫:৩৫:অপরাহ্ন  |  ১০৯৮ বার পঠিত
গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় বাবুর্চি নিহত, গুরুতর আহত ১

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির হামলায় মো. ফজের আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সোনাভান বিবি (৭০) নামে আরও এক নারী। 

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান কাদরীয়া খানকা শরীফের রন্ধনশালায় এ ঘটনা ঘটে।

নিহত ফজের আলী রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দৌলতদিয়া আঞ্জুমান কাদরীয়া খানকা শরীফের বাবুর্চি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আহত সোনাভান বিবি তাঁর সহকারী। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর সিদ্দিক কাজীরপাড়া গ্রামের সাইমুদ্দিন শেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলের দিকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তি খানকা শরীফের রন্ধনশালায় গিয়ে খাবার চান। এ সময় খাবার দিতে কিছুটা দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে রন্ধনশালায় থাকা রান্নার লাকড়ি দিয়ে ফজের আলী ও তাঁর সহকারী সোনাভান বিবির ওপর অতর্কিত হামলা চালান। এতে দুজনই গুরুতর আহত হন। হামলার পর খানকা শরীফে উপস্থিত ভক্ত ও স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজের আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোনাভান বিবিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করেছে। তাঁর নাম-ঠিকানা এখনো জানা সম্ভব হয়নি। তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪