মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ রনি মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাংনী উপজেলার আমতৈল ঈদগাহপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে এসআরবি-১২-এর অধীন সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে আটক করে। এসময় তার কাছে থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা। আটক রনি উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁদপুর মসজিদপাড়া এলাকার আব্বাস মিয়ার ছেলে।
এসআরবি-১২-এর সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার রনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারির ১০(ক) ধারায় গাংনী থানায় মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব