| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ২২:৪৯:০৩:অপরাহ্ন  |  ৪৯৮২৯ বার পঠিত
হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র
ছবির ক্যাপশন: ছবি রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিয়েছেন, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

রোববার (১২ এপ্রিল) ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র নৌবাহিনী তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালীতে প্রবেশ ও প্রস্থানকারী সব জাহাজ অবরোধের প্রক্রিয়া শুরু করবে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় যেসব জাহাজ ইরানকে টোল দিয়েছে, সেগুলোকেও চিহ্নিত করে আটক করা হবে। একইসঙ্গে তিনি দাবি করেন, প্রণালীতে ইরান যে মাইন পেতে রেখেছে বলে অভিযোগ রয়েছে, তা ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাম্প আরও সতর্ক করে বলেন, কোনো ইরানি বাহিনী যুক্তরাষ্ট্র বা নিরীহ জাহাজে হামলা চালালে কঠোর সামরিক জবাব দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের এই ঘোষণা এমন সময় এলো, যখন পাকিস্তানের ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টার টানা আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি স্থায়ী করার বিষয়ে কোনো সমঝোতা হয়নি। দুই পক্ষই ব্যর্থতার জন্য একে অপরকে দায়ী করেছে।

মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, চুক্তি না হওয়াটা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য বেশি ক্ষতিকর। তার অভিযোগ, ইরান এখনো তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগে রাজি হয়নি।

অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের ক্বালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র এখনো তেহরানের আস্থা অর্জন করতে পারেনি। তিনি দাবি করেন, ইরান আলোচনায় ইতিবাচক প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’ সমঝোতায় বাধা হয়ে দাঁড়িয়েছে।এটি ছিল ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এক দশকেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম সরাসরি উচ্চপর্যায়ের বৈঠক।

আলোচনায় প্রধান অচলাবস্থার বিষয় ছিল হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান প্রণালীর ওপর নিয়ন্ত্রণ, যুদ্ধক্ষতিপূরণ, অঞ্চলজুড়ে যুদ্ধবিরতি এবং বিদেশে থাকা জব্দকৃত সম্পদ মুক্তির দাবি জানিয়েছে। পাশাপাশি প্রণালীতে চলাচলকারী জাহাজ থেকে ট্রানজিট ফি আদায়ের ইচ্ছাও প্রকাশ করেছে তেহরান।

এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। ইসরায়েল লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর বিমান হামলা অব্যাহত রেখেছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং সীমান্তবর্তী ইসরায়েলি গ্রামগুলোতে রকেট হামলার সতর্কতা হিসেবে সাইরেন বাজানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যুদ্ধবিরতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। একইসঙ্গে ভ্যাটিকানে পোপ লিও লেবাননের জনগণের প্রতি সংহতি জানিয়ে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই প্রণালীতে যেকোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে।

তবে উত্তেজনার মধ্যেও শনিবার তিনটি সুপারট্যাংকার তেল নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে শিপিং তথ্য থেকে জানা গেছে, যা যুদ্ধবিরতির পর প্রথম এমন ঘটনা বলে মনে করা হচ্ছে।

 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪