| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন অবরোধের পর প্রথম ভারত থেকে দুবাইগামী জাহাজ পেরোল হরমুজ!

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১৩:২০:৪৪:অপরাহ্ন  |  ৪২৪৯৭ বার পঠিত
মার্কিন অবরোধের পর প্রথম ভারত থেকে দুবাইগামী জাহাজ পেরোল হরমুজ!
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ঘোষিত সামরিক অবরোধ শুরুর পর প্রথমবারের মতো হরমুজ প্রণালী অতিক্রম করেছে ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতগামী একটি পণ্যবাহী জাহাজ। ‘পায়া লেবার’ নামের জাহাজটি বর্তমানে দুবাইয়ের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করার পর এটিই প্রথম জাহাজ, যা হরমুজ প্রণালী পেরিয়ে গন্তব্যে যাচ্ছে। জাহাজটির গতিপথ সংক্রান্ত নজরদারি তথ্য বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক বৈঠক ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে ঘিরে অবরোধের ঘোষণা দেন। সোমবার থেকে সেই অবরোধ কার্যকর করে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড আগে থেকেই জানায়, এই অবরোধ মূলত ইরানের বন্দরগামী বা সেখান থেকে বের হওয়া জাহাজগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ, ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া কোনো জাহাজকে অনুমতি দেওয়া হবে না। তবে অন্য দেশের মধ্যে চলাচলকারী জাহাজের ক্ষেত্রে বাধা দেওয়া হবে না বলেও জানানো হয়।

এমন পরিস্থিতির মধ্যেই ভারত থেকে দুবাইগামী জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করে, যা পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন অবরোধ কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে চারটি জাহাজ হরমুজ প্রণালী পার হয়। মেরিন ট্রাফিক ডেটা অনুযায়ী, এসব জাহাজে তেল, গ্যাস বা রাসায়নিকজাত পণ্য বহন করা হচ্ছিল। এর মধ্যে একটি ইরানি পেট্রোপণ্যবাহী জাহাজও ছিল, যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

তবে ‘পায়া লেবার’ জাহাজটির পর আর কোন জাহাজ প্রণালী অতিক্রম করেছে,তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী মোট ২৩টি জাহাজ শনাক্ত করেছে বিবিসি। এর মধ্যে অন্তত ১৬টির সঙ্গে কোনো না কোনোভাবে ইরানের বন্দর সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪