ইন্টারন্যাশনাল ডেস্ক: দখলদার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও ইতালি একে-অপরের সঙ্গে সামরিক সরঞ্জাম (অস্ত্র) এবং প্রযুক্তি গবেষণা আদান-প্রদান করে।
ইতালির বার্তাসংস্থা আনসা জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায়, সরকার ইসরায়েলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষা চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি বাতিল করেছে।”
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা ও ইরানে বিনা উস্কানিতে হামলা চালানোয় ইসরায়েলের সঙ্গে ইউরোপের দেশগুলোর দূরত্ব বাড়ছে। ইতালির আগে স্পেনও ইসরায়েলে যুদ্ধাস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। এখন ইতালিও একই পথে হাঁটল। সূত্র: এএফপি
২০০৩ সালে ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সময় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার ভিত্তি তৈরি করে। ২০০৫ সালে ইতালি এটি অনুমোদন করে এবং চুক্তিটিকে প্রতি পাঁচ বছর পরপর এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে আসছিল।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইতালিজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এর ফলে মেলোনির ডানপন্থি সরকার এই ইস্যুতে অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে।
গত সেপ্টেম্বরে জাতিসংঘে দেয়া বক্তব্যে মেলোনি বলেন, ‘গাজা উপত্যকায় যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের কিছু নিষেধাজ্ঞায় ইতালি সমর্থন দেবে। তিনি মন্তব্য করেন, ইসরায়েলের কর্মকাণ্ড ‘মানবিক নীতিমালা লঙ্ঘন করেছে এবং বেসামরিক নাগরিকদের ব্যাপক হত্যাযজ্ঞ ঘটিয়েছে।’
এছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় ইতালি কিছু মার্কিন যুদ্ধবিমানকে সিসিলির সিগোনেলা ঘাঁটিতে অবতরণের অনুমতি দিতে অস্বীকৃতি জানায় বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র ও ইতালীয় গণমাধ্যম জানিয়েছে। সূত্র: রয়টার্স
রিপোর্টার্স২৪/ধ্রুব