আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, তেহরান ওয়াশিংটনের বেশিরভাগ শর্ত মেনে নিতে সম্মত হয়েছে, যার মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ও রয়েছে।
তিনি আরও জানান, দুই দেশের মধ্যে চলমান দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হবে। তবে এর আগেই স্থায়ী চুক্তি হয়ে যেতে পারে বলে আশা করছেন তিনি, ফলে মেয়াদ বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে।
ট্রাম্প ইঙ্গিত দেন, চলতি সপ্তাহের শেষদিকে ইরানের সঙ্গে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে। তবে আলোচনায় অগ্রগতি না হলে আবারও সংঘাত শুরুর আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি।
এদিকে হরমুজ প্রণালিতে ইরানি বন্দর ঘিরে মার্কিন নৌবাহিনীর অবরোধ এখনও কার্যকর রয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
রিপোর্টার্স২৪/বাবি