| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানক্ষেতের মাঝে দৃষ্টিনন্দন ঈদগাঁ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ২০:১৮:৪৯:অপরাহ্ন  |  ৪০৩ বার পঠিত
ধানক্ষেতের মাঝে দৃষ্টিনন্দন ঈদগাঁ

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ডুগুরপাড়া গ্রামে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেতের মাঝখানে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন একটি ঈদগাঁ মাঠ। নান্দনিক অবকাঠামো, সৌন্দর্যবর্ধন কাজ ও মনোরম পরিবেশের কারণে ঈদগাঁটি ইতোমধ্যেই স্থানীয়দের পাশাপাশি পথচারীদেরও দৃষ্টি কাড়ছে। অনেকেই সেখানে এসে মুঠোফোনে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে গ্রামের দানশীল ব্যক্তি মরহুম আলহাজ মোঃ জফির উদ্দিন ঈদগাঁ নির্মাণের জন্য প্রায় ৪০ শতক জমি দান করেন। তার উদ্যোগ এবং গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় শুরু হয় ঈদগাঁটির নির্মাণকাজ।

জফির উদ্দিনের ছেলে ও স্থানীয় ব্যবসায়ী মোঃ রুহুল আমিন জানান, আগে গ্রামের মানুষকে ঈদের নামাজ আদায়ের জন্য অন্য গ্রামে যেতে হতো। তার বাবার স্বপ্ন ছিল নিজ গ্রামে একটি ঈদগাঁ নির্মাণ করা, যাতে সবাই নিজ এলাকাতেই ঈদের নামাজ আদায় করতে পারেন। স্বপ্ন বাস্তবায়নের কিছুদিন পরই তিনি ইন্তেকাল করেন। বর্তমানে গ্রামবাসী মিলে তার অসমাপ্ত কাজ এগিয়ে নিচ্ছেন।

এলাকার বাসিন্দা মোঃ সোনা মিয়া বলেন, এক সময় অন্য গ্রামে গিয়ে ঈদের নামাজ পড়তে হতো। এখন আমাদের এই সুন্দর ঈদগাঁয় আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ নামাজ আদায় করতে আসেন।

স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহারুল ইসলাম জানান, ঈদগাঁতে যাওয়ার রাস্তার জন্য জমি তিনি নিজেই দিয়েছেন। এছাড়া সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে প্রাঙ্গণে বিভিন্ন রঙের ফুলের টব বসানো হয়েছে। প্রাচীরজুড়ে লাল, নীল ও হলুদ রঙের বৈদ্যুতিক আলোকসজ্জাও স্থাপন করা হয়েছে। ঈদ উৎসবকে ঘিরে কয়েকদিন ধরে এসব বাতি জ্বালানো হলে পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক চৌধুরী তাওহীদ বলেন, গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি নান্দনিক ঈদগাঁ নির্মাণ সত্যিই প্রশংসনীয়। এটি এখন দেখার মতো একটি স্থানে পরিণত হয়েছে।

চারপাশে সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই মনোরম ঈদগাঁ এখন শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের স্থানই নয়, বরং এলাকায় নতুন এক আকর্ষণীয় দর্শনীয় স্পট হিসেবেও পরিচিতি পাচ্ছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪