| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে?

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৬ ইং | ১০:৫৯:০৩:পূর্বাহ্ন  |  ৬৭২ বার পঠিত
আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে?

স্টাফ রিপোর্টার: আইনজীবী হিসেবে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিল। এ সিদ্ধান্ত ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

তবে গুরুত্বপূর্ণ এই পরিবর্তনকে কেন্দ্র করে সংস্থাটির শীর্ষ কর্তাদের মধ্যে প্রকাশ্যে শুরু হয়েছে দ্বিমত ও বিতর্ক। 

আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল সিদ্ধান্তের কথা নিশ্চিত করলেও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এমন সিদ্ধান্ত হয়নি বলে দাবি করায় তৈরি হয়েছে ধোঁয়াশা।

তবে নথি ও অন্যান্য সদস্যরা বলছেন, সর্বসম্মত রেজুলেশনেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইনজীবীদের বয়সসীমা নিয়ে প্রথম আলোচনা ওঠে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চের এক মামলার শুনানিতে।

ওইদিন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, আইনজীবী হওয়ার বয়সসীমা ৩৫ বছর করতে। তবে এখনো পর্যন্ত আলাপ-আলোচনায় বোঝা গেছে উনারা (আপিল বিভাগ) ৪০ এর পক্ষে।

দীর্ঘদিন এটি নিয়ে তেমন একটা আলোচনা না থাকলেও চলতি বছরের ১৯ আগস্ট আইনজীবী পেশায় প্রবেশের বয়সসীমা ৩৫ করার সিদ্ধান্ত নেয় বার কাউন্সিল। ১৯ আগস্ট এই সিদ্ধান্ত হলেও বিষয়টি প্রকাশ্যে আসে ১৩ অক্টোবর।

অ্যাটর্নি জেনারেল অফিসের এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, এ পথ আমরা বন্ধ করার জন্য একটা উদ্যোগ নেওয়ার জন্য বলেছি। যারা আইনজীবী হবেন ৩৫ বছরের পরে আইনজীবী হওয়ার পথ বন্ধ। অল রেডি সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা এমন একটা জায়গা আনতে চাচ্ছি।

ওইদিন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, এই সিদ্ধান্তটি কার্যকর হবে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে। এখন যারা মধ্যবয়সী কিংবা ঊর্ধ্ব মধ্যবয়সী তারা এই সুযোগটি পাবেন ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই সময়কালের মধ্যে তারা যদি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন তাহলে তাদের ক্ষেত্রে বয়স সীমাটা কোনো বাধা হবে না।

এ সিদ্ধান্ত নেওয়ার ফলে কি হবে সে বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ২০৩০ সাল থেকে ৩৫ বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন না। এটি হচ্ছে আমাদের সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই পেশায় যেকোনো সময় এসে হাজির হন এবং মানুষ বলে যার নেই কোনো গতি সেই করে ওকালতি।

তিনি বলেন, এই যে একটা অভিশাপ আমাদের আইন পেশার প্রতি মানুষের যে নেতিবাচক মনোভাব সেটা থেকে বের হয়ে আধুনিক তরুণদেরকে এই পেশায় আকৃষ্ট করা, মেধাবীদেরকে আকৃষ্ট করা এবং পেশার মধ্যে একটা মানের সমন্বয় রক্ষা করার উদ্দেশ্যেই আসলে আমরা বিবেচনা করেছি। বার কাউন্সিলে ইতোপূর্বে দীর্ঘদিন পর্যন্ত আলোচনা হয়েছে কেউ হয়তো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। কিন্তু আমরা মনে করি আমাদের এই কমিটি সবাই সম্মিলিতভাবে, সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি। 

কেন এ সিদ্ধান্ত সে বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বিভিন্ন বয়সী মানুষ আসার কারণে আইন অঙ্গনে টাউট শ্রেণির মানুষের সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। এই টাউটিংটা একটু বয়স্ক, যারা অন্যান্য বিভিন্ন জায়গায় ১২ ঘাটের জল খেয়ে আসছেন এই সমস্ত ব্যক্তিগুলোই টাউট প্রকৃতির হয়ে থাকে। সেগুলোকে আমরা মুক্ত করতে চাই।

উদাহরণ দিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত জেলা জজ মানের এক লোক চাকরি হারিয়েছে। সে ধরণের লোক এসে এখানে আইনজীবী হয়ে গেল। তাদের কাছ থেকে কি আশা করেন এবং তারা তো সবাই ওই ৩৫ বছরের বাইরে গিয়ে ৫০ কিংবা ৫৫ বছর বয়সে এসে দুর্নীতি দায়ে অভিযুক্ত ব্যক্তিরা এই পেশায় চলে আসে। তাহলে এই পেশা কি দুর্নীতিবাজদের একটা ডাম্পিং স্টেশন?

এরপর অ্যাটর্নি জেনারেল একটি রেজুলেশন সাংবাদিকদের দেন। সেই রেজুলেশনে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল-২৫৩/২০১৪ এর প্রেক্ষাপটে লিগ্যাল এডুকেশন কমিটি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে একটি যৌক্তিক সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণের প্রয়োজনীয়তা সম্পর্কে সুপারিশ করে।

লিগ্যাল এডুকেশন কমিটির মতামতে বলা হয়, আইন পেশার মর্যাদা ও দক্ষতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি পেশাগত সম্পৃক্ততা নিশ্চিতকরণ এবং পেশাকে অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে একটি সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা সমীচীন। গত ৬ আগস্ট অনুষ্ঠিত লিগ্যাল এডুকেশন কমিটির সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে একটি যৌক্তিক সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের প্রস্তাব করা হয় এবং ওই সুপারিশ কাউন্সিল সভায় উপস্থাপন করা হয়।

বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্য আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা পঁয়ত্রিশ বছর নির্ধারণের বিষয়ে একমত পোষণ করেন। এরপর সর্বসম্মতিক্রমে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা পঁয়ত্রিশ বছর নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়। যা আগামী ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে উপস্থিত সকল সদস্য একমত পোষণ করেন।

একদিন পর বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, বার কাউন্সিলের নির্বাচিত সদস্য চৌদ্দ জন। পরবর্তীতে নির্বাচন করে একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেন। তিনি হন নির্বাচিত ভাইস চেয়ারম্যান। বিধি মোতাবেক আরেকজন এর মধ্যে থাকেন, তিনি হচ্ছেন এক্স-অফিসিও চেয়ারম্যান। তিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল।

জয়নুল আবেদীন আরও বলেন, সময়ে সময়ে সারা বাংলাদেশের আইনজীবীদের সাথে আলাপ-আলোচনা করে যেকোনো সিদ্ধান্ত নেওয়া হয়। এই ধরনের যে বক্তব্য আপনি দিলেন, এই ধরনের সিদ্ধান্ত কোনো এক্সটেন্ডেড মিটিংয়ে আমাদের হয় নাই। প্রতিবছরে একটা এক্সটেন্ডেড মিটিং হয় অর্থাৎ প্রতিনিধি সভা হয় সারা বাংলাদেশ থেকে। এটা অতীতে হয়েছে, সবসময় হয়েছে। কিন্তু এই ধরনের কোনো সভা আমাদের হয় নাই এবং আমাদের বার কাউন্সিলের পক্ষ থেকে এরকম কোনো সিদ্ধান্ত (৩৫ বছরের) আমরা এখনও নেইনি। আইনমন্ত্রী বলে থাকলে….. সে সরকারের আইনমন্ত্রী তার বিভিন্ন রকম বক্তব্য থাকতেই পারে।

এরপর বিষয়টি ফের আলোচনায় ওঠে। সত্যিই কি সিদ্ধান্ত হয়েছিল? এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আমাদের একজন সিনিয়র মানুষ যিনি বার কাউন্সিলের সদস্য তিনি একটা বক্তব্য দিয়েছেন। আইনমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে ডকুমেন্ট দিয়ে বলেছি। যদি আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে বৈপরীত্য থাকে তাহলে কাউন্সিলের সদস্যদের বক্তব্য নিতে পারেন। আমাকে বিব্রত করার চেষ্টা করেন কেন।

এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলের রোল এন্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আইনজীবী হতে বার কাউন্সিলে আবেদনের সময় প্রার্থীর বয়স ৩৫ বছর হতে হবে। এরপর তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পরীক্ষায় অংশ নেবেন। ৩৫ বছর অতিক্রান্ত হলে কেউ আর আবেদন করতে পারবেন না। এ সিদ্ধান্ত কার্যকর হবে ২০৩০ সাল থেকে। এ সিদ্ধান্ত নেওয়ার রেজুলেশনে সবার স্বাক্ষর আছে। এটি নিয়ে বিতর্কের অবকাশ নেই।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪