| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি দেশের জন্য কাজ করতে চাই: চমক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১৬:২৬:৩৯:অপরাহ্ন  |  ৫০৯ বার পঠিত
আমি দেশের জন্য কাজ করতে চাই: চমক

রিপোর্টার্স২৪ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথ কাঁপানো পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক এবার সরাসরি জাতীয় রাজনীতির মঞ্চে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়া চমক ইতোমধ্যেই দলটির মনোনয়ন বোর্ডের সামনে হাজির হয়ে সাক্ষাৎকার দিয়েছেন। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ওই সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে চমক বলেন, “আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সেই লক্ষ্য পূরণে একটি শক্ত প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে, বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।”

সাক্ষাৎকার শেষে আশাবাদী কণ্ঠে তিনি জানান, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি নিজেকে শতভাগ আশাবাদী বলেও উল্লেখ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, চমকের মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে ইতোমধ্যে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে রাজি নন তিনি। তবে দল যে সিদ্ধান্তই নেবে, সেটিকে ইতিবাচকভাবেই গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের নতুন রাজনৈতিক যাত্রার ঘোষণা দিয়েছেন এই আলোচিত মুখ। সেখানে তিনি লেখেন, “নতুন জার্নি শুরু করলাম, আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।”

উল্লেখ্য, গত জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে সক্রিয় ভূমিকার মাধ্যমে আলোচনায় আসেন রুকাইয়া জাহান চমক। সেই রাজপথের অভিজ্ঞতা থেকেই এবার সরাসরি সংসদ সদস্য হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন তিনি। এখন দেখার বিষয়, বিএনপির চূড়ান্ত মনোনয়নে তিনি সবুজ সংকেত পান কি না—সেই উত্তর মিলবে খুব শিগগিরই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪