| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধবিরতির আগে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় আশার আভাস

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১৬:২২:২৯:অপরাহ্ন  |  ১৩৯৩ বার পঠিত
যুদ্ধবিরতির আগে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় আশার আভাস
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি রয়টার্স

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করলেও আলোচনা এখনো অনিশ্চয়তায় ঘেরা বলে জানিয়েছে ওয়াশিংটন। অপরদিকে ইরান জানিয়েছে, তারা আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে। দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। বার্তাসংস্থা Reuters এ তথ্য জানিয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তানে নতুন দফা আলোচনা বুধবার শুরু হতে পারে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আলোচনা এগোচ্ছে এবং নির্ধারিত সময় অনুযায়ী বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি চুক্তি হলে সরাসরি বা ভার্চ্যুয়ালি অংশ নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনায় অংশ নিতে মঙ্গলবার পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে। একই সঙ্গে ইরানও একটি প্রতিনিধি দল পাঠাতে পারে বলে আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এক ইরানি কর্মকর্তা।

আলোচনার আশায় আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। মঙ্গলবার এশিয়ার বাজারে তেলের দাম এক ডলারের বেশি কমেছে এবং শেয়ারবাজারেও উত্থান দেখা গেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৪ ডলারে নেমে আসে।

তবে উত্তেজনা এখনো কমেনি। ইরান অভিযোগ করেছে, তাদের একটি বাণিজ্যিক জাহাজ জব্দসহ বিভিন্ন পদক্ষেপ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে এর দায় ওয়াশিংটনকেই নিতে হবে।

ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যেকোনো নতুন হামলার জবাবে তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে তাদের বাহিনী। একই সঙ্গে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতও বলেছেন, কোনো দেশ হুমকি বা চাপের মুখে আলোচনায় বসবে না।

এদিকে, যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ত্যাগ করতে হবে। তবে তেহরান চায়—যুদ্ধ পুনরায় শুরু না করে, নিষেধাজ্ঞা শিথিল রেখে এবং নিজেদের কৌশলগত স্বার্থ অক্ষুণ্ন রেখে একটি সমঝোতায় পৌঁছাতে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতে হাজারো মানুষের প্রাণহানি হয়েছে এবং বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪