ইন্টারন্যাশনাল ডেস্ক: মল্লিকার্জুন খাড়গে-এর এক মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে ভারতে। তামিলনাড়ু নির্বাচনে জোট রাজনীতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করেন, পরে অবশ্য তিনি ব্যাখ্যা দিয়ে বলেন তার বক্তব্য ছিল রাজনৈতিক চাপ প্রয়োগের প্রসঙ্গে।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, মঙ্গলবারের ওই সংবাদ সম্মেলনে খাড়গে বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকারের নীতির কারণে বিরোধী দল ও বিভিন্ন রাজনৈতিক শক্তির ওপর চাপ সৃষ্টি হচ্ছে। এ প্রসঙ্গেই তিনি এমন শব্দ ব্যবহার করেন।
তবে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি পরে স্পষ্ট করেন, আমি কখনোই প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে সন্ত্রাসী বলিনি। আমার বক্তব্য ছিল, তিনি রাজনৈতিক দল ও মানুষের ওপর চাপ সৃষ্টি করেন, অর্থাৎ ভয়ের পরিবেশ তৈরি করেন।
খাড়গের এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন দল নরেন্দ্র মোদি-এর দল ভারতীয় জনতা পার্টি। দলটির মুখপাত্ররা বলেন, এটি প্রধানমন্ত্রীকে অপমান করার শামিল এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন নেতার বিরুদ্ধে অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করা হয়েছে।এ প্রসঙ্গে বিজেপি নেতারা কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করে দলটিকে ‘আরবান নকশাল’ বলে অভিহিত করেন এবং ক্ষমা চাওয়ার দাবি জানান।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, এই ধরনের মন্তব্য ১৪০ কোটি ভারতবাসীকে অপমান করার শামিল। তিনি কংগ্রেস ও ডিএমকে জোটের বিরুদ্ধে তীব্র সমালোচনাও করেন।
উল্লেখ্য, তামিলনাড়ু রাজনীতিতে আসন্ন নির্বাচনে জোট রাজনীতি নিয়ে কংগ্রেস, ডিএমকে ও বিজেপি-সমর্থিত এআইএডিএমকে-র অবস্থান নিয়ে রাজনৈতিক উত্তেজনা ইতোমধ্যেই বাড়ছে। খাড়গের এই মন্তব্য সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি