| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকসু নেতাসহ ছাত্রশিবিরের ওপর হামলায় জামায়াতের তীব্র নিন্দা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ১১:৩২:০৮:পূর্বাহ্ন  |  ৮৫৬ বার পঠিত
ডাকসু নেতাসহ ছাত্রশিবিরের ওপর হামলায় জামায়াতের তীব্র নিন্দা

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের ওপর হামলা এবং পাবনা ও কুমিল্লায় ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর পৃথক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৪ এপ্রিল) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শাহবাগ থানার সামনে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী, সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের এবং ডাকসুর নারী নেত্রী জুমার ওপর হামলা চালানো হয়, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

তিনি অভিযোগ করেন, ওই ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিল এবং পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর নিরাপত্তা ইস্যুতে শাহবাগ থানায় গেলে তাকে জিডি করতে না দিয়ে আটকে রাখা এবং পরবর্তীতে তাকে ঘিরে উত্তেজনা তৈরি হওয়ার কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তীতে বিষয়টি সমাধানে ডাকসুর দুই নেতা থানায় গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির-এর শান্তিপূর্ণ মিছিলে হামলা এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে পৃথক হামলায় অন্তত ২০ জন আহত হওয়ার অভিযোগও তোলেন তিনি। এসব ঘটনাকে পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার চেষ্টা বলে দাবি করা হয় বিবৃতিতে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা জরুরি। তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি সব পক্ষকে রাজনৈতিক উসকানি পরিহার করে সংযত আচরণ করার আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪