| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুটবলার হতে চাওয়া নোরা ফাতেহি যেভাবে বলিউড তারকা হলেন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৩:০১:৫৯:অপরাহ্ন  |  ১৭৭৩ বার পঠিত
ফুটবলার হতে চাওয়া নোরা ফাতেহি যেভাবে বলিউড তারকা হলেন

বিনোদন ডেস্ক: বলিউড মানেই গ্ল্যামার, ঝলমলে পর্দা আর চোখধাঁধানো নাচ আর এই অঙ্গনের অন্যতম আলোচিত নাম নোরা ফাতেহি। তবে আজকের এই জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রীর শুরুটা ছিল একেবারেই ভিন্ন স্বপ্ন নিয়ে। ছোটবেলায় তিনি চেয়েছিলেন একজন পেশাদার ফুটবলার হতে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের জীবনের সেই অজানা অধ্যায় তুলে ধরেছেন মরক্কো বংশোদ্ভূত এই তারকা। নোরা জানান, শৈশব থেকেই ফুটবলের প্রতি তার ছিল প্রবল আগ্রহ। মাঠে দৌড়ঝাঁপ, প্রতিযোগিতা সবকিছুই তাকে ভীষণ টানত। কিন্তু মাত্র ১১ বছর বয়সে গুরুতর চোট তার সেই স্বপ্নকে থামিয়ে দেয়। জীবনের সেই সময়টিকে তিনি কঠিনতম অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

তবে স্বপ্নভঙ্গের সেই অভিজ্ঞতা তাকে দমিয়ে রাখতে পারেনি। বরং মানসিকভাবে আরও দৃঢ় করে তোলে। পরবর্তীতে সেই দৃঢ়তাই তাকে ভারতের বিনোদন জগতে নিজের জায়গা করে নিতে সহায়তা করেছে বলে মনে করেন তিনি।

বলিউডে নোরার যাত্রা শুরু হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে। যদিও প্রথমদিকে বড় সাফল্য পাননি, তবে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে দ্রুতই নজর কাড়েন তিনি। তেলেগু সিনেমা ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘কিক টু’-তে তার উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

তার ক্যারিয়ারের বড় মোড় আসে ২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানের মাধ্যমে। গানটির পুনর্নির্মিত সংস্করণে তার পারফরম্যান্স ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে ২ কোটির বেশি ভিউ পেয়ে এটি রেকর্ড গড়ে, যা সে সময় হিন্দি গানের ক্ষেত্রে ছিল বিরল ঘটনা।

ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ না হলেও আন্তর্জাতিক অঙ্গনে ফুটবলের সঙ্গে তার সম্পর্ক আজও অটুট। ২০২২ ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করা ছাড়াও বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠ দিয়েছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও নিয়মিত পারফর্ম করতে দেখা যায় তাকে।

স্বপ্ন ভেঙে গেলেও নতুন পথ খুঁজে নিয়ে কীভাবে সাফল্যের শিখরে পৌঁছানো যায়—নোরা ফাতেহির গল্প যেন তারই এক উজ্জ্বল উদাহরণ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪