| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হিন্দি বলতে না পারায় ট্রলের শিকার সাই পল্লবী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ১১:৫৬:২৯:পূর্বাহ্ন  |  ১৪৪৭ বার পঠিত
হিন্দি বলতে না পারায় ট্রলের শিকার সাই পল্লবী

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার তার সহজাত অভিনয় বা স্নিগ্ধ উপস্থিতির জন্য নয়, বরং হিন্দি ভাষায় দুর্বলতার কারণে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন এই অভিনেত্রী।

পরিচালক নীতেশ তিওয়ারি-এর বহুল প্রতীক্ষিত মেগা প্রজেক্ট রামায়ণ-এ ‘সীতা’ চরিত্রে অভিনয়ের ঘোষণা পাওয়ার পর থেকেই আলোচনায় ছিলেন সাই পল্লবী। কিন্তু সম্প্রতি এক অনুষ্ঠানে তার হিন্দি বলার ধরন ঘিরে নতুন করে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

গতকাল মুম্বাইয়ে আমির খান প্রোডাকশনের আসন্ন চলচ্চিত্র এক দিন-এর প্রচারমূলক অনুষ্ঠানে হাজির হন এই অভিনেত্রী। আগামী ১ মে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটিতে জুনেইদ খান-এর বিপরীতে অভিনয় করেছেন তিনি।

ছবির প্রচারণার অংশ হিসেবে আয়োজিত ‘এক দিন কি মেহফিল’ শীর্ষক সংগীত সন্ধ্যায় উপস্থিত অতিথি ও পাপারাজ্জিদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন সাই পল্লবী। তবে সেই চেষ্টাই হয়ে ওঠে তার জন্য বিব্রতকর। কথোপকথনের এক পর্যায়ে তিনি নিজেই স্বীকার করেন, “আমার হিন্দি খুব একটা ভালো নয়।”

এই স্বীকারোক্তির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নেটিজেনদের সমালোচনা। বিশেষ করে ‘রামায়ণ’-এর মতো মহাকাব্যিক চলচ্চিত্রে সীতার মতো আইকনিক চরিত্রে তার কাস্টিং নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী কটাক্ষ করে লেখেন, “সাই পল্লবী সাধারণ হিন্দি শব্দই ঠিকমতো বলতে পারেন না, অথচ তিনি সীতা মাতার চরিত্রে অভিনয় করছেন!” আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “নীতেশ তিওয়ারি কী ভেবে তাকে এই চরিত্রে কাস্ট করলেন? এটি অত্যন্ত হতাশাজনক সিদ্ধান্ত।”

এদিকে, অনেকেই আবার সংশয় প্রকাশ করেছেন ছবির হিন্দি সংস্করণে তার কণ্ঠ ডাব করা হবে কি না, তা নিয়ে।

তবে সব সমালোচনার মাঝেও চুপ থাকেননি অভিনেত্রীর ভক্তরা। তাদের মতে, ভারতীয় সিনেমায় ভাষাগত সীমাবদ্ধতা নতুন কিছু নয়। অতীতে ক্যাটরিনা কাইফ ও জ্যাকুলিন ফার্নান্দেজ-এর মতো অভিনেত্রীরাও হিন্দি ভাষায় দুর্বলতা নিয়েও সফলভাবে বলিউডে কাজ করেছেন।

ফলে ভক্তদের একাংশের দাবি, অভিনয় দক্ষতাই একজন শিল্পীর আসল পরিচয় ভাষাগত সীমাবদ্ধতা নয়। এখন দেখার বিষয়, মুক্তির পর রামায়ণ-এ সীতা চরিত্রে সাই পল্লবীর অভিনয় দর্শকদের মন জয় করতে পারে কি না, নাকি এই বিতর্ক আরও জোরালো হয়ে ওঠে।


রিপোর্টার্স ২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪