বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে থাকলেও ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আড়ালে থাকতে পছন্দ করেন। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের প্রেম ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
তানজিকা আমিন জানান, তার জীবনে প্রেমের সংখ্যা খুব বেশি নয়, তবে প্রতিটি সম্পর্কই ছিল গভীর ও দীর্ঘস্থায়ী। তার ভাষায়, “আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি। প্রতিটি প্রেমের ব্যাপ্তিকাল ছিল দীর্ঘ।”
অভিনেত্রী জানান, তার প্রথম প্রেমের সূচনা হয়েছিল রাজশাহীতে, যখন তিনি নবম শ্রেণিতে পড়তেন। ‘অমিত’ নামের এক তরুণের সঙ্গে টানা চার বছর প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ল্যান্ডফোনের যুগে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা এবং দীর্ঘ চিঠি লেখার মধ্য দিয়েই এগিয়ে যেত তাদের সম্পর্ক।
অতীতের মধুর স্মৃতি তুলে ধরে তানজিকা বলেন, বাসা থেকে পড়াশোনার জন্য টিউশনের টাকা দেওয়া হলেও তারা সেই টাকা বাঁচিয়ে একে অপরকে উপহার দিতেন। এমনকি অল্প বাজেটেই রেস্টুরেন্টে গিয়ে কোক ও ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে আনন্দে সময় কাটাতেন।
তিনি আরও জানান, ফোনে দীর্ঘসময় কথা বলার কারণে বড় অঙ্কের বিল আসত, আর সে জন্য মায়ের কাছ থেকে শাসনও পেতে হয়েছে। স্কুল ও কোচিং ফাঁকি দিয়ে পদ্মা নদীর পাড়ে ঘুরতে যাওয়ার স্মৃতিও এখনো তাকে আবেগাপ্লুত করে।
মজার ছলে অভিনেত্রী বলেন, তার সেই প্রথম প্রেমিক এখনও অবিবাহিত রয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম