পশ্চিমবঙ্গ প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে উত্তেজনার মধ্যেই সহিংসতার একাধিক অভিযোগ উঠেছে। ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুবোধ অধিকারীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির এক কাউন্টিং এজেন্টের বিরুদ্ধে। এ ঘটনায় নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে।
অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম সাঁপুই তৃণমূল কর্মীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনাতেও কমিশনের কাছে পৃথক অভিযোগ দাখিল করা হয়েছে।
এছাড়া কোচবিহারের দিনহাটায় তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে, যা নিয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।
ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কঠোর বার্তা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, কোনও ধরনের সহিংসতা বা অশান্তি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন বিশেষ পুলিশ পর্যবেক্ষক এন.কে. মিশ্রকে তাৎক্ষণিক হস্তক্ষেপের নির্দেশ দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচন কর্মকর্তা (ডিইও)-দের ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
কমিশন আরও স্পষ্ট করে জানিয়েছে, নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন, আইনশৃঙ্খলা ভঙ্গের কোনও সুযোগ নেই। যে পক্ষ থেকেই অভিযোগ আসুক, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বেলা সোয়া ১টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলের প্রবণতায় দেখা গেছে, বিজেপি প্রায় ১৯২টি আসনে এগিয়ে রয়েছে। এই প্রাথমিক চিত্র প্রকাশের পর বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীদের উল্লাস লক্ষ্য করা গেলেও, সহিংসতার অভিযোগ পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে।
সকালে এক সংবাদ সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ অগ্রবাল ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফলাফল যাই হোক, কেউ যেন কোনও ধরনের বিশৃঙ্খলায় জড়িত না হন।
রিপোর্টার্স২৪/ধ্রুব