পশ্চিমবঙ্গ প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন আলোচিত প্রার্থী এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট- আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকী।
সোমবার (৪ মে) বিকেলে সব রাউন্ডের গণনা শেষে প্রতিদ্বন্দ্বী তৃণমূলের শওকত মোল্লাকে বিপুল ব্যবধানে পরাজিত করেন।
নওশাদ সিদ্দিকী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত মোল্লার চেয়ে ২৮ হাজার ৩১৬ ভোটে এগিয়ে আছেন।
এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকী ২৬ হাজার ১৫১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভাঙড় কেন্দ্রে জিতেছিল তৃণমূল কংগ্রেস। এজন্য এবারের লড়াইটা ছিল নওশাদের জন্য নিজের দুর্গ রক্ষার চ্যালেঞ্জ। আর শওকত মোল্লার জন্য ছিল হারানো জমি পুনরুদ্ধারের সংগ্রাম।
নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের প্রভাবশালী ফুরফুরা পীর পরিবারের সদস্য। তরুণ নেতা হিসেবে তিনি গত কয়েক বছর ধরে বেশ আলোচিত হচ্ছেন।
পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতা দখলের পথে। টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের পতন হতে যাচ্ছে।
দুই দফায় অনুষ্ঠিত এই নির্বাচনে পশ্চিমবঙ্গে রেকর্ড ৯২.৯৩ শতাংশ ভোট পড়েছে, যা রাজ্যের সংসদীয় ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।
রিপোর্টার্স২৪/ধ্রুব