| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে মাহার মামলা

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ০৫:০১:৪০:পূর্বাহ্ন  |  ১০০৫৯ বার পঠিত
৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে মাহার মামলা

স্টাফ রিপোর্টার: সাবেক স্বামী জাহিদ হাসান জনের বিরুদ্ধে মারধর, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও মানহানির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন চিত্রনায়িকা জাকিয়া মাহা। 

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর গুলশান থানায় ভুক্তভোগী মামলা (নম্বর-১০) করেন। মামলাটি করা হয়েছে ২৫(২) সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এবং দণ্ডবিধির ৩৮৫/৫০৬ ধারায়।

মামলার অভিযোগে জাকিয়া মাহা উল্লেখ করেন, তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা থেকে আসন্ন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্ত জাহিদ হাসান জন তার সাবেক স্বামী। গত ১১ অক্টোবর ২০২৫ তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই অভিযুক্ত তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

এছাড়া বিভিন্ন অজুহাতে কৌশলে তার কাছ থেকে টাকা নিতেন বলেও অভিযোগ করেন তিনি। নির্যাতন অসহনীয় হয়ে উঠলে গত ২২ ডিসেম্বর ২০২৫ তিনি জনকে তালাক দেন।

মামলায় আরও বলা হয়, তালাকের পর থেকেই অভিযুক্ত তাকে সামাজিক ও মানসিকভাবে হেনস্তা করতে থাকেন। গত ৬ মে সন্ধ্যায় গুলশানের বাসায় অবস্থানকালে অভিযুক্ত তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও পাঠান। ভিডিওতে এক নারীকে মাদকসদৃশ দ্রব্য সেবন করতে দেখা যায়।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত দাবি করেন ভিডিওতে থাকা নারী জাকিয়া মাহা। তবে তিনি বলেন, ভিডিওর নারী তিনি নন। ওই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয় এবং ৫০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

জাকিয়া মাহার দাবি, এআই প্রযুক্তি ব্যবহার করে তাকে ফাঁসানোর উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা হয়ে থাকতে পারে। এছাড়া অভিযুক্ত নিজে নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন মানুষের কাছে টাকা চেয়ে তার সম্মানহানির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জাকিয়া মাহা বলেন, বিয়ের পর থেকেই তিনি অশান্তি ও নির্যাতনের শিকার ছিলেন। তার নামে ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুবেল মিয়া জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামি বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, ভুক্তভোগীর মোবাইল নম্বরে ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪