| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেফালীর মৃত্যু নিয়ে মুখ খুললেন স্বামী পরাগ ত্যাগী

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৮:২২:৪৩:অপরাহ্ন  |  ৮৫৮ বার পঠিত
শেফালীর মৃত্যু নিয়ে মুখ খুললেন স্বামী পরাগ ত্যাগী

বিনোদন ডেস্ক: ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া বলিউড অভিনেত্রী শেফালী জরিওয়ালা -এর আকস্মিক মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বয়স ধরে রাখতে ব্যবহৃত তথাকথিত ‘অ্যান্টি-এজিং ইনজেকশন’-এর কারণে তার মৃত্যু হয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগী।

২০২৫ সালের জুন মাসে ৪২ বছর বয়সে মারা যান শেফালী জরিওয়ালা। মৃত্যুর পর থেকেই তার শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। অবশেষে সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিওবার্তায় এসব গুঞ্জনের জবাব দেন পরাগ ত্যাগী।

ভিডিওবার্তায় তিনি প্রশ্ন রেখে বলেন, আমাকেও বলুন কোন ইনজেকশনের কথা বলা হচ্ছে? তার দাবি, শেফালী নিয়মিত কোনো অ্যান্টি-এজিং ওষুধ বা ইনজেকশন গ্রহণ করতেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাসে একবার তিনি মাল্টিভিটামিন, ভিটামিন সি, কোলাজেন এবং গ্লুটাথিয়নের আইভি ড্রিপ নিতেন, যা সাধারণ স্বাস্থ্য রক্ষার জন্যই ব্যবহৃত হয়।

পরাগ আরও জানান, মৃত্যুর দিন শেফালী উপবাসে থাকলেও পূজা শেষ করে খাবার গ্রহণ করেছিলেন। ফলে খালি পেটে কোনো ইনজেকশন নেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে এমন দাবি পুরোপুরি ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি।

স্ত্রীর জীবনযাপন সম্পর্কে কথা বলতে গিয়ে পরাগ বলেন, শেফালীর সুস্বাস্থ্য ও তারুণ্যের রহস্য ছিল নিয়মিত শরীরচর্চা, নিয়ন্ত্রিত জীবনযাপন এবং নিজের শরীরের প্রতি যত্নশীলতা।

তার ভাষায়, ও কখনো নিজেকে খাবার থেকে বঞ্চিত করেনি। আইসক্রিম, চাইনিজ খাবার সবই খেত, তবে পরিমিতভাবে।

সামাজিক মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়ে পরাগ ত্যাগী বলেন, সত্যিটা জানুন, তারপর মন্তব্য করুন।

উল্লেখ্য, Bigg Boss 13-এ অংশ নেওয়ার পর নতুন প্রজন্মের কাছেও পরিচিত মুখ হয়ে ওঠেন শেফালী জরিওয়ালা। তার মৃত্যুতে বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪