| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ দেশে ফিরছে কারিনার মরদেহ

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ১২:১৩:১৪:অপরাহ্ন  |  ৪১৮৭ বার পঠিত
আজ দেশে ফিরছে কারিনার মরদেহ
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ রোববার (১৭ মে) বিকালে দেশে ফিরছে। লিভার–সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১৫ মে) রাতে তিনি মারা যান।

এর আগে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয়েছিল। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

পরিবার সূত্রে জানা গেছে, কারিনার মরদেহ বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আজ বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বাবা, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় কায়সার হামিদ।

বিমানবন্দর থেকে লাশ নেওয়া হবে রাজধানীর বনানী ডিওএইচএসে। সেখানে কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এশার আগে বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১০টায় তৃতীয় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামে।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, সেখানে চতুর্থ জানাজা শেষে তার মায়ের দেওয়া মসজিদের জমির পাশেই তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, প্রথমে জ্বরে আক্রান্ত হয়ে পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে কারিনার। পররবর্তীতে হেপাটাইটিস এ ও ই–জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে নেওয়ার পর তার ফুসফুসের চিকিৎসার পাশাপাশি লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও চলছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ রক্তচাপ মারাত্মকভাবে কমে গেলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

১৯৯৪ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করা কারিনা কায়সারের বয়স হয়েছিল ৩৩ বছর। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা পেলেও তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তার হাসিখুশি ব্যক্তিত্ব, প্রাণবন্ত উপস্থাপনা এবং সৃজনশীল কাজের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। পরিবারের সদস্যদের পাশাপাশি তিনি দুই ভাই রেখে গেছেন। বরেণ্য দাবাড়ু রানী হামিদ তার দাদি।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪