| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিনেমাটি মুক্তি নিয়ে শঙ্কা থাকার কথা নয় : নাবিলা

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ১১:২৯:৪৪:পূর্বাহ্ন  |  ১৬২ বার পঠিত
সিনেমাটি মুক্তি নিয়ে শঙ্কা থাকার কথা নয় : নাবিলা

বিনোদন ডেস্ক: কয়েক দফা মুক্তি পিছিয়ে যাওয়ার পর অবশেষে বড় পর্দায় আসছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি এবার ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে মুক্তির ঘোষণা আসার পরপরই নতুন করে আইনি জটিলতার খবর সামনে আসায় সিনেমাটি ঘিরে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি বিশেষ পোস্টার প্রকাশ করে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন প্রধান চরিত্রের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তবে শোনা যাচ্ছে, সিনেমাটির সহ-প্রযোজক তরুণ মজুমদার আবারও আদালতের দ্বারস্থ হয়েছেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ক্যারিয়ারের শুরুতেই ‘আয়নাবাজি’ সিনেমার মাধ্যমে দর্শকদের নজর কাড়েন নাবিলা। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। নতুন করে আইনি জটিলতার খবর সামনে এলেও বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন এই অভিনেত্রী।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নাবিলা সংবাদমাধ্যমকে বলেন, “ঈদে দ্বিতীয়বার আমার সিনেমা মুক্তি পাচ্ছে, এটা সত্যিই আনন্দের। তবে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছি, তাই কিছুটা নার্ভাসও লাগছে। সিনেমাটি মুক্তি নিয়ে শঙ্কা থাকার কথা নয়। আমি যতদূর জানি, সমস্যা সমাধান হওয়ার পরই ঘোষণা এবং পোস্টার প্রকাশ করা হয়েছে। আশা করছি, সঠিক সময়েই পর্দায় আসবে সিনেমাটি।”

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা অন্যান্য সিনেমার সঙ্গে প্রতিযোগিতা প্রসঙ্গে নাবিলা বলেন, “দর্শক এখন বিভিন্ন ধরনের সিনেমা দেখছেন। ভালো গল্প আর ভিন্নধর্মী কাজের প্রতি আগ্রহ আগের চেয়ে বেড়েছে। এবারও সেই ধারাবাহিকতা থাকবে বলে আমি মনে করি।”

২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া ‘বনলতা সেন’ সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ ছিল। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন। তবে দেশের তৎকালীন পরিস্থিতির কারণে কয়েক দফা পিছিয়ে যায় মুক্তির তারিখ।

সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজসহ আরও অনেকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪