স্টাফ রিপোর্টার: বলিউড ও টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সরগরম বিনোদন অঙ্গন। চার বছরের সংসার জীবনের ইতি টানার ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
এই তারকা দম্পতির যৌথ বিবৃতির পর থেকেই বিচ্ছেদের কারণ নিয়ে চলছে জল্পনা। কেউ আঙুল তুলছেন সূরজ নাম্বিয়ারের দিকে, আবার কেউ দায় চাপাচ্ছেন অভিনেত্রী দিশা পাটানির ওপর। পরকীয়ার অভিযোগও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
তবে এসব গুঞ্জন নিয়ে শেষ পর্যন্ত মুখ খুলেছেন সূরজ নাম্বিয়ার। তিনি স্পষ্ট জানিয়েছেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথাকথিত ‘তৃতীয় ব্যক্তির’ গল্প সম্পূর্ণ ভিত্তিহীন। ব্যক্তিগত কারণেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
এদিকে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর সোমবার প্রথমবার জনসমক্ষে দেখা যায় মৌনী রায়কে। মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেও সংবাদমাধ্যমের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি। দ্রুত টার্মিনালের ভেতরে প্রবেশ করায় নানা জল্পনা আরও জোরালো হয়। কেউ ধারণা করেন, ব্যক্তিগত অস্থিরতা থেকে দূরে থাকতে দেশ ছাড়ছেন অভিনেত্রী, আবার কেউ ভাবেন, হয়তো নিজেকে সময় দিতেই কোথাও ঘুরতে যাচ্ছেন তিনি।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে পরে জানা যায়, মৌনী রায় যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’এ।
আসন্ন সিনেমা ‘বম্বে স্টোরিজ’এর বিশেষ প্রদর্শনী উপলক্ষে ফ্রান্সের ফ্রেঞ্চ রিভেরায় আয়োজিত ‘মার্শে ডু ফিল্ম’ বিভাগে অংশ নেন তিনি। ২০২৬ সালের কানের লাল গালিচায় হাজির হয়ে নজর কাড়েন এই অভিনেত্রী।
কানের জন্য মৌনী বেছে নেন একটি ক্লাসিক মনোক্রম লুক। সাদা হাল্টার-স্টাইল কলার ডিটেইলিংয়ের সঙ্গে কালো গাউনের সংমিশ্রণে তাকে দেখা যায় আত্মবিশ্বাসী ও ফুরফুরে মেজাজে। লাল গালিচায় তার উপস্থিতি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
নিজের কানের লুকের ছবি শেয়ার করে মৌনী ক্যাপশনে লেখেন, কান অ্যান্ড ক্যাওস।
ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মধ্যেও মৌনীর এমন পেশাদার ও দৃঢ় উপস্থিতি মুগ্ধ করেছে ভক্ত ও সহকর্মীদের। তার পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে অভিনেত্রী দিশা পাটানি মন্তব্য করেন, এগিয়ে চলো।
অন্যদিকে অভিনেত্রী মন্দিরা বেদিও মৌনীকে প্রশংসায় ভাসিয়ে লেখেন, এই মুহূর্তে মৌনী একদম মুডে আছে।
বিচ্ছেদের গুঞ্জন, সমালোচনা ও ব্যক্তিগত জীবনের ঝড়ের মাঝেও কানের মঞ্চে মৌনী রায়ের আত্মবিশ্বাসী উপস্থিতি যেন নতুন বার্তাই দিল ব্যক্তিগত সংকটের মধ্যেও থেমে নেই তার পথচলা।
রিপোর্টার্স২৪/ঝুম