| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যেসব বিষয়ে অন্যের পরামর্শ এড়িয়ে নিজের কথা শোনেন রাশমিকা

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ১১:১৭:৫৭:পূর্বাহ্ন  |  ১৮৫৮১ বার পঠিত
যেসব বিষয়ে অন্যের পরামর্শ এড়িয়ে নিজের কথা শোনেন রাশমিকা

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা-এর রাজকীয় বিয়ে ঘিরে এখনও ভক্তদের আগ্রহ কমেনি। জমকালো আয়োজন, ব্যতিক্রমী সাজসজ্জা এবং ঐতিহ্যবাহী আবহের কারণে তাদের বিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে এই জাঁকজমকের আড়ালে ছিল এক ভিন্ন গল্প অন্যের পরামর্শ বা প্রচলিত ট্রেন্ড নয়, বরং নিজেদের ব্যক্তিত্ব ও পছন্দকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন এই তারকা জুটি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন তাদের বিয়ের অনুষ্ঠান-ব্যবস্থাপক প্রিয়া মগান্তি। তিনি জানান, বিয়ের প্রতিটি বিষয়েই রাশমিকা ও বিজয় চেয়েছিলেন নিজেদের স্বকীয়তা ধরে রাখতে। সামাজিক মাধ্যমে কোন ট্রেন্ড জনপ্রিয় কিংবা অন্য তারকারা কী করছেন এসবের প্রভাব তারা নিজেদের বিয়েতে পড়তে দেননি।

প্রিয়া মগান্তির ভাষ্য অনুযায়ী, বিয়ের সাজসজ্জার ক্ষেত্রে বিশেষভাবে নিজের মনের কথাই শুনেছেন রাশমিকা। এমনকি নিজের মঙ্গলসূত্রও তিনি নিজেই ডিজাইন করেছিলেন। এতে অভিনেত্রীর ব্যক্তিগত রুচি, পছন্দ এবং আলাদা দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে বলে মনে করেন তিনি।

গত ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুর-এ পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা ও বিজয়। বিয়ের পর থেকেই সামাজিক মাধ্যমে তাদের পোশাক, গহনা, রীতিনীতি ও আয়োজনে নানা খুঁটিনাটি নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে রাশমিকার বিয়ের শাড়ি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয় আলাদা কৌতূহল।

সাধারণত তারকা কনেদের বিয়েতে লাল, আইভরি কিংবা প্যাস্টেল রঙের শাড়ি পরতে দেখা যায়। কিন্তু সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে রাশমিকা বেছে নেন কমলা রঙের শাড়ি। বিষয়টি নিয়ে শুরুতে অনেক পোশাকশিল্পী তাকে অন্য রঙ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কারণ কনের সাজে কমলা রঙকে খুব একটা প্রচলিত হিসেবে ধরা হয় না।

তবে শেষ পর্যন্ত নিজের পছন্দ থেকেই সরে আসেননি অভিনেত্রী। এ প্রসঙ্গে প্রিয়া মগান্তি বলেন, আমি তাকে বলেছিলাম, তুমি যদি কমলা রঙ পরতে চাও, তাহলে সেটাই পরো। অন্য কেউ বলছে বলে লাল বা সাদা পরার প্রয়োজন নেই।

তিনি আরও জানান, রাশমিকা ও বিজয় শুরু থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের বিয়ে যেন অন্য তারকাদের বিয়ের মতো একই ছকে আবদ্ধ না হয়। পোশাক থেকে গহনা, সাজসজ্জা থেকে অনুষ্ঠান সব ক্ষেত্রেই নিজেদের পছন্দ ও ব্যক্তিত্বকে গুরুত্ব দিয়েছেন তারা।

ভক্তদের মতে, ট্রেন্ডের বাইরে গিয়ে নিজেদের মতো করে বিয়ের আয়োজন করায় আরও বেশি প্রশংসিত হয়েছেন এই তারকা জুটি। কারণ রাজকীয় আয়োজনের মধ্যেও সেখানে ছিল ব্যক্তিত্ব, স্বকীয়তা এবং ভালোবাসার স্পষ্ট ছাপ।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪