এন্টারটেইনমেন্ট ডেস্ক: এই সময়ের মডেল-অভিনেত্রী ফারিন খান। শুক্রবার (২২ মে) দুপুরে সামাজিকমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে নিজের সাম্প্রতিক এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।
তার কথায়- ‘সেদিন আল্লাহ আমাকে রক্ষা করেছেন, কিন্তু মানসিকভাবে যে কী পরিমাণ চাপা যন্ত্রণা অনুভব করেছি সেটা শুধু আমি জানি’।
স্ট্যাটাসে ফারিন জানান, কিছুদিন আগে জামালপুর যাওয়ার পথে একটি পেট্রোল পাম্পে ঘটেছিল সেই ঘটনা, যা তাকে গভীরভাবে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে।
ফারিন লেখেন, সময়মতো চিৎকার না করলে তাকে মেরে ফেলে সব লুটপাট করে পরে ধর্ষণের চেষ্টা করা হতো বলে তিনি আশঙ্কা করেন।
ফারিন ফেসবুকে লেখেন, ‘১৩ তারিখ জামালপুর যাওয়ার পথে আনুমানিক রাত ৩টা ১৫ মিনিটে বাধ্য হয়ে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে যাই। ভেতরে যাওয়ার কয়েক মিনিট পর হঠাৎই মনে হলো, আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি, ভেন্টিলেটর দিয়ে দুটো হাত ঠিক আমার গলার কাছে!’
তিনি আরও লেখেন, ‘হয়তো আমি সময়মতো চিৎকার না করলে আমাকে মেরে সবকিছু লুটপাট করত, এমনকি ধর্ষণের চেষ্টাও করত।’
অভিনেত্রী জানান, তিনি দ্রুত চিৎকার করে বেরিয়ে আসেন। তার ড্রাইভার চিৎকার শুনে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। পরে ড্রাইভারকে জিজ্ঞেস করলে তিনি জানান, লোকটিকে ওয়াশরুমের পেছনে যেতে দেখা গিয়েছিল, তবে তখন সন্দেহ হয়নি কারণ তার হাতে অনেকগুলো ডিমের খোসা ছিল।
ফারিন লেখেন, ‘আমার চিৎকার শুনেই সে বুঝতে পারে কিছু একটা ঘটেছে। বাইরে থেকে হয়তো আমি সাহসী থাকার চেষ্টা করেছি, কিন্তু ভেতরে ভেতরে কতটা ভয় পেয়েছিলাম, সেটা ভাষায় প্রকাশ করার মতো না।’
ঘটনার পরের দিন শুটিং ইউনিটের সদস্যদের বিষয়টি জানান বলেও উল্লেখ করেন তিনি। ফারিন লেখেন, ‘প্রথমে ভাবছিলাম বিষয়টা কাউকে বলব না। পরের দিন শুটিং ইউনিটের অনেকের সঙ্গে বিষয়টা শেয়ারও করেছি। জীবনে এর চেয়ে ভয়ংকর অভিজ্ঞতা খুব কমই হয়েছে। আল্লাহ হয়তো সেদিন আমাকে রক্ষা করেছেন। কিন্তু মানসিকভাবে আমি যে কতটা ভেঙে পড়েছিলাম, সেটা শুধু আমিই জানি।’
এরপর তিনি লেখেন, ‘আমরা যারা বাইরে কাজ করি, তারা জানি প্রতিনিয়ত কত ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। যে দেশে আমাকে (একজন নারীকে) আমার পোশাক দিয়ে বিচার করা হয়, সেখানে ধর্ষণের মতো আচরণ শুধুই মেয়েদের দোষ- বাংলাদেশের ইতিহাসে তেমন কোনো বিচার কখনো হয়নি, যেটার ভয়ে এসব বন্ধ হবে। সত্যিই এই দেশে মেয়েরা নিরাপদ না।’
উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ধ্যাততেরিকি’ সিনেমার মাধ্যমে ২০১৭ সালে চলচ্চিত্রে অভিষেক হয় সাভারের মেয়ে ফারিন খানের। সিনেমাটি মুক্তির পর ফারিন আলোচনায় এলেও পরে তাকে আর সিনেমায় দেখা যায়নি। তবে নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করে যাচ্ছেন ফারিন খান।
রিপোর্টার্স২৪/ধ্রুব