বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা ও উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলার আজ জন্মদিন। ব্যক্তিগত জীবনের বিশেষ এই দিনেও ব্যস্ত সময় পার করছেন তিনি। অভিনয়, সংগীত ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সব ক্ষেত্রেই সমানভাবে সক্রিয় এই তারকা জন্মদিনটিও কাটাচ্ছেন দায়িত্ব ও কাজের মধ্য দিয়ে।
গণমাধ্যমকে মিথিলা জানান, দিনভর অফিসের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। কাজের ফাঁকেই ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পাচ্ছেন, যা তাকে আনন্দিত করছে।
জন্মদিন উপলক্ষে বড় কোনো আয়োজন রাখেননি বলেও জানান তিনি। মিথিলার ভাষায়, আগের মতো জন্মদিন ঘিরে এখন আর তেমন বাড়তি উচ্ছ্বাস কাজ করে না। বর্তমানে কাজ ও দায়িত্বই তার জীবনের প্রধান অগ্রাধিকার। তবে দিনশেষে মেয়ে ও পরিবারের সদস্যদের নিয়ে বাইরে কিছুটা সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার।
অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও দীর্ঘদিন ধরে পরিচিত মুখ ব্র্যাক ইন্টারন্যাশনাল–এর আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। শিশু শিক্ষা, নারী অধিকার ও সামাজিক উন্নয়ন নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন প্রকল্পে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তার শক্ত অবস্থান। নাটক, সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্ম সব মাধ্যমেই কাজ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন মিথিলা। একাত্তর সিরিজের মাধ্যমে ওটিটিতে যাত্রা শুরু করেন তিনি। পরে অমানুষ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন।
অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ অভাগী ছবিতে অভিনয়ের জন্য তিনি ১৪তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব–এ সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন। এছাড়া গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা চলচ্চিত্রেও তার অভিনয় দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম