| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যে আহ্বান জানালেন সারজিস আলম

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ১১:২০:২২:পূর্বাহ্ন  |  ৮৭২ বার পঠিত
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যে আহ্বান জানালেন সারজিস আলম

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক উদ্যোগের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে দেশের বিভিন্ন খাতে বিদ্যমান চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের বাস্তবতা জানতে প্রধানমন্ত্রীর প্রতি ছদ্মবেশে মাঠপর্যায়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন সারজিস আলম।

পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার প্রকৃত চিত্র দেখতে প্রধানমন্ত্রী কোনো ধরনের পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

সারজিস আলম বলেন, বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান সংকটের জন্য শুধু কয়েকজন ব্যক্তি নয়, বরং একটি বৃহত্তর প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো দায়ী। তারপরও বাস্তব পরিস্থিতি জানতে সরাসরি মাঠে গিয়ে পরিদর্শনের উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রকৃতপক্ষে যে সামষ্টিক সিস্টেম এটার জন্য দায়ী, তারা সবাই শাস্তি না পেলেও এই উদ্যোগ প্রশংসনীয়। এজন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ।

এনসিপির এই নেতা মনে করেন, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিক সেবার মানোন্নয়নে শীর্ষ পর্যায়ের এমন আকস্মিক পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে এমন আরও অনেক সমস্যার দিকে সরকারের নজর দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে সারজিস আলম বলেন, চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়গুলোতেও মাননীয় প্রধানমন্ত্রী ছদ্মবেশে গিয়ে বাস্তব অভিজ্ঞতা নিন এমন আহ্বান জানাচ্ছি।

তার মতে, মাঠপর্যায়ের বাস্তবতা সরাসরি পর্যবেক্ষণ করলে জনগণের ভোগান্তির প্রকৃত চিত্র আরও স্পষ্টভাবে উঠে আসবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ সহজ হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪