| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ওপেন রিলেশনশিপে আছি’— অভিনেত্রী শাহানা গোস্বামী

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ০৩:৫৭:৪১:পূর্বাহ্ন  |  ৬৪৫ বার পঠিত
‘ওপেন রিলেশনশিপে আছি’— অভিনেত্রী শাহানা গোস্বামী

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউড অভিনেত্রী শাহানা গোস্বামী ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। এক পডকাস্টে তিনি জানান, বর্তমানে তিনি ‘ওপেন রিলেশনশিপ’-এ আছেন এবং তাঁর জীবনে একাধিক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

সিদ্ধার্থ কান্নানের ইউটিউব পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ৪০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, তাঁর কোনো নির্দিষ্ট প্রধান সঙ্গী নেই। তবে কয়েকজন মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে, যা বন্ধুত্ব ও ভালোবাসার ভিত্তিতে গড়ে উঠেছে।

শাহানার মতে, এসব সম্পর্ক কোনোভাবেই ‘ক্যাজুয়াল’ নয়, বরং পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে গড়ে ওঠা অর্থবহ সম্পর্ক। তিনি বলেন, ওপেন রিলেশনশিপ টিকিয়ে রাখতে সততা, আত্মসচেতনতা এবং ঈর্ষা ও অনিরাপত্তা মোকাবিলার মানসিকতা প্রয়োজন।

তিনি আরও বলেন, ভালোবাসা কোনো নির্দিষ্ট কাঠামোয় আটকে থাকা উচিত নয়, বরং সময়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকভাবে পরিবর্তিত হওয়াই স্বাভাবিক।

একই সাক্ষাৎকারে তিনি তাঁর সাবেক প্রেমিক মিলিন্দ সোমানের প্রসঙ্গও টেনে আনেন। শাহানা জানান, কিশোর বয়সে তাঁর সঙ্গে যোগাযোগ শুরু হয় এবং দীর্ঘদিন বার্তার মাধ্যমে সম্পর্ক চলার পর পরবর্তীতে তা প্রেমে রূপ নেয়। ২০১৩ সালে তাঁদের সম্পর্কের ইতি ঘটে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। কেউ বিষয়টিকে ব্যক্তিগত স্বাধীনতা হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনা করে একে অনৈতিকতার প্রচার বলে মন্তব্য করছেন।

২০০৮ সালে ‘রক অন!’ সিনেমার মাধ্যমে বলিউডে পরিচিতি পাওয়া শাহানা গোস্বামী পরে ‘ফিরাক’, ‘মিডনাইটস চিলড্রেন’, ‘ডেসপ্যাচ’সহ একাধিক আলোচিত ছবিতে অভিনয় করেন। তিনি বাংলাদেশি পরিচালক রুবাইয়াত হোসেনের ‘শিমু’ ছবিতেও অভিনয় করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪