জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির পর দম্পতির শরীরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ স্বামী-স্ত্রী বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৯ মে) রাতে ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার বাসিন্দা আল আমিন (৩২) ও তার স্ত্রী আখিয়া আক্তার (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর একটি সংঘবদ্ধ ডাকাত দল আল আমিনের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা ঘরের বিভিন্ন স্থান তল্লাশি চালিয়ে নগদ প্রায় ৪ লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নেয়।
অভিযোগ রয়েছে, ডাকাতরা বাড়ি থেকে বের হওয়ার সময় আল আমিন ও তার স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। তাদের চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়।
আল আমিনের চাচা হাসর আলী জানান, এসিডে দগ্ধ হয়ে দুজনই গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ইসলামপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
রিপোর্টার্স২৪/বাবি